আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই ছিল ধোঁয়াশা। 

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই জানাবেন বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে বিশ্বকাপ এগিয়ে এলেও এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি তিনি। ফলে সমর্থকদের মধ্যে জল্পনা আরও বাড়ছিল।

অবশেষে সেই অনিশ্চয়তার অবসান ঘটালেন আর্জেন্টিনা দলের কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালা। রেডিও লা রেদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছেন, ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি।

আয়ালা বলেন, ''মেসি ইতিমধ্যেই নিশ্চিত যে বিশ্বকাপে খেলবে।'' 
বিশ্বকাপের চূড়ান্ত দল নিয়েও কথা বলেছেন আয়ালা। তবে এখনই পূর্ণাঙ্গ স্কোয়াড প্রকাশ করতে চাননি তিনি। রসিকতার ছলে বলেন, ''আমরা তালিকা তৈরি করছি মুছে ফেলা যায় এমন কলম দিয়ে। শেষ পর্যন্ত অপেক্ষা করুন, তারপর তালিকা দেব।''

সম্প্রতি ৩৭ বছর বয়সী মেসির অবসর নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। এ নিয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন বলেও জানা যায়। তবে আয়ালার মন্তব্যে স্বস্তি ফিরে এসেছে আর্জেন্টিনার কোটি সমর্থকের মনে।

শিরোপাধারী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল আগামী ১৬ জুন আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু করবে তাদের বিশ্বকাপ অভিযান। 

২০২২ বিশ্বকাপে মেসির নেতৃত্বে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। এবারও সেই অভিজ্ঞ কাণ্ডারীর হাত ধরেই শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে আলবিসেলেস্তেরা।