আজকাল ওয়েবডেস্ক: কানাডার ক্লাব টরোন্টো এফসি-কে ৪–২ গোলে হারিয়ে ইন্টার মায়ামি আবারও জয়ের ধারায় ফিরেছে। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে নিজেদের মাঠে দাপুটে জয় পেয়েছে মায়ামি। ম্যাচে একটি গোল ও দু'টি অ্যাসিস্ট করে নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি।
টরোন্টোর বিরুদ্ধে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মায়ামি। ৫৬ মিনিটে লুইস সুয়ারেজের গোলে প্রথম অ্যাসিস্টটি করেন মেসি। এরপর ৭৩ মিনিটে সের্জিও রেগুইলনের গোলেও অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন তারকা।
এর ঠিক দু'মিনিট পর ৭৫ মিনিটে নিজেই গোল করেন মেসি। রডরিগো ডি পলের পাস থেকে বল পেয়ে গোল করেন মেসি।
এই ম্যাচে তিনটি গোলে সরাসরি অবদান রেখে এমএলএসে দ্রুততম ১০০ গোল অবদানের রেকর্ড গড়েন মেসি।
মাত্র ৬৪ ম্যাচেই এই মাইলফলকে পৌঁছে গেলেন তিনি। এর মধ্যে রয়েছে ৫৯টি গোল ও ৪১টি অ্যাসিস্ট। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসির কেরিয়ারে গোলসংখ্যা এখন ৯০৭।
এর আগে এমএলএসে দ্রুততম ১০০ গোল অবদানের রেকর্ড ছিল সেবাস্টিয়ান জিওভিঙ্কোর দখলে। টরোন্টো এফসি-র প্রাক্তন এই ফরোয়ার্ড ৯৫ ম্যাচে ৫৮ গোল ও ৪২ অ্যাসিস্ট করে এই কীর্তি গড়েছিলেন। রবি কিন ৯৬ ম্যাচে পৌঁছেছিলেন সেই মাইলফলকে।
এর আগের ম্যাচে অরল্যান্ডো সিটির কাছে ৪–৩ গোলে হেরে গিয়েছিল মায়ামি। তবে টরোন্টোর বিরুদ্ধে জয় পেয়ে ১২ ম্যাচে ২২ পয়েন্টে পৌঁছেছে ইন্টার মায়ামি।















