আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবার জনসমক্ষে দেখা গিয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে। যদিও এখনও মাঠে বল পায়ে ফেরেননি তিনি।  তবে ফুটবল মাঠেই উপস্থিত হয়ে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন এলএম ১০। 

বিশ্বকাপ শেষ হওয়ার পর নিজ শহর রোজারিওতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন মেসি। শনিবার সন্ধ্যায় তিনি রোজারিওর কাছের শহর অরোইয়ো সেকোর আন্তোনিও দি জাকোমো স্টেডিয়ামে গিয়ে লিওনেস এফসির ম্যাচ উপভোগ করেন। ক্লাবটি পরিচালনা করে মেসির পরিবার এবং এর সভাপতি তাঁর বড় ভাই মাতিয়াস মেসি।

আর্জেন্টাইন রেডিও স্টেশন কাদেনা ৩ রোজারিও প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের ব্যালকনিতে কালো হুডি পরে দাঁড়িয়ে আছেন মেসি। এ সময় উপস্থিত দর্শকরা তাঁর নাম ধরে স্লোগান দিলে তিনি হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

রেডিও স্টেশনটি তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে জানায়, অরোইয়ো সেকো সফরকালে মেসি কাদেনা ৩-এর জন্য একটি বিশেষ শুভেচ্ছাবার্তাও দিয়েছেন। একই সঙ্গে তারা নিশ্চিত করে, লিওনেস এফসির ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপ ফাইনালে ১৯ জুলাই নিউ ইয়র্ক-নিউ জার্সিতে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের দুই দিন পর দেশে ফেরেন মেসি। তবে তিনি দলের অন্য ফুটবলারদের সঙ্গে একই বিমানে ফেরেননি। দেশে ফেরার পর গত কয়েক দিন জনসমক্ষে দেখা যায়নি তাঁকে।

মেসির পরিবারের প্রতিষ্ঠিত লিওনেস এফসি বর্তমানে আর্জেন্টিনার চতুর্থ বিভাগের লিগে খেলছে। দলটির হোম ভেন্যু অরোইয়ো সেকোর আন্তোনিও দি জাকোমো স্টেডিয়াম।

এদিকে আগামী সপ্তাহে হতে চলা মেজর লিগ সকার  অল-স্টার ম্যাচেও খেলছেন না মেসি। এমএলএস কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপের শেষ পর্যায় পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলা ফুটবলারদের জন্য বিশেষ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সুবিধার আওতায় অল-স্টার ম্যাচে অংশ নিতে হচ্ছে না মেসিকে।

উল্লেখ্য, গত মরশুমে অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় শাস্তির মুখে পড়েছিলেন ইন্টার মায়ামির এই তারকা। তবে এবার বিশ্বকাপ এমএলএস মরশুমের মাঝপথে অনুষ্ঠিত হওয়ায় লিগ সাত সপ্তাহের বিরতিতে ছিল এবং আগেই বিশেষ ছাড়ের ঘোষণা করা হয়েছিল।