আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের বল গড়াতে এখনও দু' মাসেরও কম সময় বাকি। এরই মধ্যে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা করা হয়েছে।

মায়ামির এক প্রতিষ্ঠান ভিআইডি মিউজিক গ্রুপ গত মাসে মায়ামি-ডেড সার্কিট কোর্টে মেসি এবং আর্জেন্টিনা ফুটবল সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করে। 

আদালতের নথি অনুযায়ী, একটি প্রীতি ম্যাচে অংশ না নেওয়ার কারণে প্রায় ৭ মিলিয়ন ডলারের চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, ভেনিজুয়েলা ও পোর্তো রিকার বিরুদ্ধে আর্জেন্টিনার দু'টি প্রীতি ম্যাচ আয়োজন ও প্রচারের একচেটিয়া অধিকার পেতে তারা প্রায় ৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছিল। 

চুক্তিতে উল্লেখ ছিল, চোট আঘাত না থাকলে মেসিকে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট মাঠে থাকতে হবে। তবে ১০ অক্টোবর ভেনিজুয়েলার বিরুদ্ধে ম্যাচে মেসি মাঠে নামেননি। স্টেডিয়ামের একটি স্যুটে বসে খেলা উপভোগ করেন এলএম ১০। 

বিষয়টি আরও বিতর্কের জন্ম দেয়, কারণ পরদিনই নিজের ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমে দু'টি গোল করেন তিনি।

১৪ অক্টোবর পোর্তো রিকার বিপক্ষে ম্যাচে খেলেন মেসি। যদিও ম্যাচটি মূলত শিকাগোতে আয়োজনের কথা ছিল, টিকিট বিক্রি কম হওয়া-সহ বিভিন্ন কারণে সেটি ফ্লোরিডায় সরিয়ে নেওয়া হয়। 

এতে আয়োজকদের আর্থিক ক্ষতি আরও বেড়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। ভিআইডি মিউজিক গ্রুপের দাবি, এক ম্যাচে মেসির অনুপস্থিতি এবং অন্য ম্যাচে কম টিকিট বিক্রির কারণে তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। যদিও মামলায় নির্দিষ্ট ক্ষতিপূরণের অঙ্ক উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে এখনও মেসি বা আর্জেন্টিনা ফুটবল সংস্থার পক্ষ থেকে কোনও  প্রতিক্রিয়া জানানো হয়নি।