আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের আগে মেসি ভক্তদের জন্য দুঃসংবাদ। চোটের আতঙ্ক আর্জেন্টিনা শিবিরে। মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ম্যাচে চোট পেলেন মেসি। মায়ামির নু স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৭৩ মিনিটে তাঁকে তুলে নেওয়া হয়। বাঁ পায়ের পেছন দিকে চোট পান আর্জেন্টাইন তারকা। কিন্তু মাঠ থেকে বেরিয়ে টানেল দিয়ে যাওয়ার সময় স্বাভাবিক ভাবেই হেঁটে যান মেসি। ম্যাচ ৬-৪ এ জেতে মায়ামি। আদৌ মেসির চোট লেগেছে কিনা, বা সেটা কতটা গুরুতর সেই বিষয়ে খোলসা করে কিছু বলেননি ইন্টার মায়ামির কোচ গুইলারমো হোয়োস। জানান, মাঠের অবস্থা ভাল না হওয়ায় কোনও ঝুঁকি নিতে চাননি।
মেসি প্রসঙ্গে মায়ামির কোচ গুইলারমো বলেন, 'যতদুর আমি জানি, আমরা এখনও কোনও মেডিক্যাল রিপোর্ট পাইনি। তবে দ্রুত এসে যাবে। ও খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। আর পারছিল না। মাঠ ভারী ছিল। যখন কোনও সংশয় থাকে, ঝুঁকি না নেওয়াই ভাল।' ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ওয়ার্কলোড সামলানোর চেষ্টা করছেন মেসি। একটানা ম্যাচ থাকলে তাঁকে খেলানো হচ্ছে না। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দীর্ঘ সময় মাঠের বাইরে কাটান। বছরের শুরুতে চোটের জন্য প্রাক মরশুম প্রস্তুতিতে অংশ নিতে পারেননি। এমন সময় চোট পেলে, বিশ্বকাপে বড় ধাক্কা খাবে আর্জেন্টিনা। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপে খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবেন মেসিরা।
১১ জুন মেক্সিকোতে শুরু বিশ্বকাপ। পাঁচদিন পর ক্যানসাস সিটিতে অ্যালজেরিয়ার বিরুদ্ধে যাত্রা শুরু করবে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে আর ম্যাচ নেই মায়ামির। বিশ্বকাপ খেলা নিয়ে এখনও কোনও পরিকল্পনা জানাননি মেসি। তবে আশা করা যাচ্ছে, নিজের ষষ্ঠ বিশ্বকাপে খেলবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। পরের সপ্তাহে ঘোষণা হবে আর্জেন্টিনা দল। হন্ডুরাস এবং আইসল্যান্ডের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপ ফ্রেন্ডলি খেলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবে আর্জেন্টিনা দল।















