আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে কিশোর ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশীর দুর্দান্ত উত্থান এবার যেন নতুন মাত্রা পেল।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলার পর প্রাক্তন ভারতীয় পেসার ইরফান পাঠান মন্তব্য করেছেন, মাত্র ১৫ বছর বয়সেই বৈভব বোলারদের মনে এমন আতঙ্ক তৈরি করছে, যা একসময়ে নিজের সেরা সময়ে তৈরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল।
সোয়াই মান সিং স্টেডিয়ামে ২২১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালসের ওপেনার বৈভব খেলেন ৩৮ বলে ৯৩ রানের বিস্ফোরক ইনিংস। তাঁর ব্যাট থেকে আসে ৭টি চার ও ১০টি বিশাল ছক্কা।
কিশোর এই বাঁ হাতি ব্যাটারের তাণ্ডবে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে রাজস্থান এবং সাত উইকেটে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয়।
১০টি ছক্কা মারার সুবাদে চলতি মরশুমে বৈভবের মোট ছক্কার সংখ্যা পৌঁছে গেল ৫৩-য়। ফলে আইপিএলের এক মরশুমে সর্বাধিক ৫৯ ছক্কার রেকর্ড, যা ২০১২ সালে গড়েছিলেন ক্রিস গেইল, তা এখন ভাঙার মুখে।
বৈভব প্রসঙ্গে ইরফান পাঠান বলেন, ''৫৩টি ছক্কা হাঁকিয়ে ও এখন ক্রিস গেইলের ৫৯ ছক্কার রেকর্ডের দিকে এগোচ্ছে। আমরা যখন খেলতাম, গেইলকে বল করতে নামলেই ভয় কাজ করতে শুরু করত। বৈভব সূর্যবংশীও এখন সেই একই ভয় তৈরি করছে। গেইলের রেকর্ড ভাঙার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে ও।''
ভারতের প্রাক্তন অলরাউন্ডার ও কোচ সঞ্জয় বাঙ্গারও কিশোর প্রতিভা বৈভবের ইনিংসের ভূয়সী প্রশংসা করেন। তাঁর মতে, সাধারণ ক্রিকেটীয় ভাষায় এই প্রতিভার ব্যাখ্যা করা কঠিন। বৈভবের শট নির্বাচন ও পাওয়ার হিটিং ছিল এককথায় অবিশ্বাস্য।
বাঙ্গারের বক্তব্য, এটি ছিল এক নিখুঁত টি-টোয়েন্টি মাস্টারক্লাস, যা দর্শকদের বাড়তি বিনোদন দিয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে বৈভব যেখানে খেলবে, সেখানেই দর্শকদের ভিড় উপচে পড়বে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন বাঙ্গার।
ম্যাচ জেতানো এই ইনিংসের জন্য চলতি মরশুমে তৃতীয়বার 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী। তাঁর বিস্ফোরক ফর্মের জেরে প্লে-অফের লড়াইয়ে নিজেদের ভাগ্য এখনও নিজেদের হাতেই রাখল রাজস্থান রয়্যালস।















