আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ড বিপুল অঙ্কের বকেয়া আদায়ের লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে।
বোর্ডের এক সূত্র জানিয়েছে, পাকিস্তান সুপার লিগের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচার অংশীদার এবং ব্যবসায়িক সহযোগীদের কাছে আইনি নোটিস পাঠানো হয়েছে, যাতে তারা দ্রুত বকেয়া পরিশোধ করে, নয়তো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
সূত্রের দাবি, শুরুতে কিছু ফ্র্যাঞ্চাইজিকে বার্ষিক ফি পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল। পরে তারা বকেয়া মিটিয়ে দিলেও, বোর্ডের কাছ থেকে কেন্দ্রীয় তহবিলের অংশ পাওনা নিয়ে অভিযোগ তোলে।
জানা গিয়েছে, পিএসএল-এর দশম আসরের জন্য পাকিস্তানি মুদ্রায় প্রায় ৯৬ কোটি টাকা এখনও কিছু ফ্র্যাঞ্চাইজির কাছে পরিশোধ করা হয়নি।
এদিকে পিসিবি পাল্টা জানিয়ে দেয়, চুক্তিবদ্ধ পক্ষগুলো নিজেদের দায়বদ্ধতা পূরণ না করলে বোর্ড কীভাবে তাদের বকেয়া মেটাবে।
সূত্রের মতে, ২০২৫ সালের পিএসএল-এর কেন্দ্রীয় তহবিল থেকে এখনও পাকিস্তানি মুদ্রায় ৪০ থেকে ৪৫ কোটি টাকা কিছু ফ্র্যাঞ্চাইজির কাছে বকেয়া রয়েছে।
সবচেয়ে বড় ডিফল্টার হিসেবে একটি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে, যারা পিএসএল ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটের সম্প্রচার ও অন্যান্য বাণিজ্যিক স্বত্ব নিয়েছিল। প্রতিষ্ঠানটি বিপুল ক্ষতির অজুহাত দেখিয়ে অর্থ এখনও পরিশোধ করেনি।















