আজকাল ওয়েবডেস্ক: জিম্বাবোয়ের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের দলে সঞ্জু স্যামসনের না থাকা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ভারতীয় দল পরিচালনার ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি বলেন, স্যামসনের মতো ক্রিকেটারকে সুযোগ না দেওয়া হতাশাজনক।
নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত দাবি করেন, চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্যামসন ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার এবং তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন। তাঁর প্রশ্ন, যেখানে ওপেনার অভিষেক শর্মাকে দীর্ঘ সময় ধরে সুযোগ দেওয়া হচ্ছে, সেখানে স্যামসন কেন সেই সুযোগ পাচ্ছেন না।
শ্রীকান্ত বলেন, “স্যামসন বিশ্বকাপের এমভিপি ছিল। তাহলে ও সুযোগ পাচ্ছে না কেন, আর অভিষেক এত সুযোগ পাচ্ছে কেন? এটা খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন। অভিষেক যদি দীর্ঘ সময় সুযোগ পেতে পারে, তাহলে স্যামসন কেন নয়? একজনের ক্ষেত্রে যা হচ্ছে, অন্যজনের ক্ষেত্রে তা হচ্ছে না কেন?”
তবে একই সঙ্গে স্যামসনকে নিজের ব্যাটিংয়ে কিছু পরিবর্তন আনার পরামর্শও দিয়েছেন শ্রীকান্ত। তাঁর মতে, স্যামসনের উচিত শুরুতে কিছুটা সময় নিয়ে উইকেটে টিকে থাকা। কারণ, পরে নিজের আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে দ্রুত রান তোলার ক্ষমতা তাঁর রয়েছে।
তিনি বলেন, “আশা করি ও ভালো করবে। রান করার অন্য কোনও পথ খুঁজে বের করতে হবে। অথবা কয়েকটি বল শান্তভাবে খেলতে হবে। ও এমন একজন ক্রিকেটার যে পরে সহজেই স্ট্রাইক রেট বাড়িয়ে নিতে পারে। কিছুক্ষণ ১০০ স্ট্রাইক রেটে খেলেও পরে সেটাকে ২০০-তে নিয়ে যেতে পারে।”
টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুতে খারাপ ফর্মের কারণে প্রথম একাদশে জায়গা না পেলেও পরে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন সঞ্জু স্যামসন। ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের সম্মান পান।
পাঁচটি ইনিংসে ৩২১ রান করেন স্যামসন। তাঁর ব্যাটিং গড় ছিল ৮০.২৫ এবং স্ট্রাইক রেট ছিল ১৯৯.৩৭। এছাড়া এক আসরে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ডও গড়েন তিনি। মোট ২৪টি ছক্কা হাঁকান এই উইকেটকিপার-ব্যাটার।
















