আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ইতিহাস গড়ার দোরগোড়ায় ভারতের তারকা ওপেনার কেএল রাহুল। বর্ডার-গাভাসকার ট্রফির চতুর্থ টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শতরান করতে পারলেই এমনই এক রেকর্ড গড়বেন কেএল রাহুল যা স্বয়ং সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলিও ছুঁতে পারেননি। রোহিত শর্মার অনুপস্থিতিতে প্রথম টেস্টে ওপেনার হিসেবে সুযোগ পেয়ে রাহুল প্রথম থেকেই ধারাবাহিকভাবে রান করেছেন। চলতি সিরিজে ভারতের বড় নামদের টপকে গিয়ে রাহুলই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিন ম্যাচে ছ’ইনিংস খেলে ২৩৫ রান করেছেন তিনি।

 

 

সিরিজে মোট রান সংগ্রহের তালিকায় রাহুল রয়েছেন দ্বিতীয় স্থানে। তালিকায় ওপরের স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। মেলবোর্ন টেস্টে রাহুলের সামনে রয়েছে বিরল এক রেকর্ড গড়ার সুযোগ। মেলবোর্নে একটি সেঞ্চুরি করতে পারলেই বক্সিং ডে টেস্টে তিনটি শতরানের মালিক হবেন রাহুল। এর আগে ২০২১ এবং ২০২৩ সালের বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেছিলেন এই ব্যাটার। তবে অস্ট্রেলিয়ায় একবারই বক্সিং ডে টেস্ট খেলেছিলেন তিনি, ২০১৪ সালে। দুই ইনিংসের ব্যর্থ হয়েছিলেন কেএল।

 

 

গাব্বা টেস্টের পর সিরিজ বর্তমানে ১-১ সমতায়। মেলবোর্ন টেস্ট দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। ভারতের জয়ের স্বপ্ন অনেকটাই নির্ভর করছে ফর্মে থাকা কেএল রাহুলের উপর। ওপেন করতে নেমে তিনি বড় রান করতে পারলে অনেকটাই এগিয়ে থেকে শুরু করবে টিম ইন্ডিয়া। সচিন তেন্ডুলকর এবং অজিঙ্ক রাহানের বক্সিং ডে টেস্টে দুটি করে শতরান রয়েছে। বিরাট কোহলির রয়েছে একটি। সেক্ষেত্রে এবার মেলবোর্নে শতক হাঁকাতে পারলে তালিকায় এক নম্বরে উঠে আসবেন কর্ণাটকের ব্যাটার।