আজকাল ওয়েবডেস্ক: যাঁরা তাঁর সমালোচনা করছেন, তাঁদের যোগ্য জবাব দিলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা অজিঙ্ক রাহানে। 

প্রস্তুতি ম্যাচে রাহানে ২৫ বলে ৫৮ রানের ইনিংস খেলে টিম ম্যানেজমেন্টকেও স্বস্তি দিলেন। 

গতবারের আইপিএলের পরে তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। কেকেআর গতবার হতাশাজনক পারফরম্যান্স করে। আট নম্বরে শেষ করেছিল কেকেআর। তার পর থেকেই রাহানেকে নিয়ে গেল গে রব উঠেছিল। দলের মধ্যে সর্বোচ্চ রান করেছিলেন রাহানে (৩৯০)। তবুও তাঁকে নিয়ে সন্দিহান ছিলেন অনেকে। সেই রাহানে প্রস্তুতি ম্যাচে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে গেলেন। আভাস দিয়ে রাখলেন আসন্ন আইপিএলে এভাবেই তিনি ব্যাট করবেন। ক্যামেরন গ্রিনও ৩০ বলে চটজলদি ৫২ রান করে গেলেন। চোট গ্রস্ত আকাশদীপের পরিবর্তে এবার কেকেআর সৌরভ দুবেকে দলে নিয়েছে। সেই সৌরভ দুবে ফিরিয়ে দেন ফিন অ্যালেনকে। 

কেবল রানের নিরিখে রাহানের ইনিংসকে ব্যাখ্যা করা যাবে না। যে তীব্রতা নিয়ে তিনি ব্যাটিং করেছেন, তা দেখার মতো। বোলারদের বিরুদ্ধে তাঁর ব্যাট কথা বলেছে। খেলার গতি নিয়ন্ত্রণ করেছেন তিনি। 

গতবারের ব্যর্থতার পরে প্রাক্তন ক্রিকেটার এস বদ্রীনাথ কেকেআরের মধ্যে রাহানেকে 'দুর্বল লিঙ্ক' বলে উল্লেখ করেছিলেন। 

চারদিকে সমালোচনার মুখেও রাহানের উপরেই ভরসা রেখেছে  টিম ম্যানেজমেন্ট। এবারও কেকেআর-কে তিনি নেতৃত্ব দেবেন। অনেক সমালোচনার জবাব দেওয়ার বাকি আছে রাহানের। এগিয়ে আসছে আইপিএল, কেকেআর তাকিয়ে রাহানের নেতৃত্বের দিকে। শুধুমাত্র ব্যাটার হিসেবে নয়, অধিনায়ক হিসেবেও রাহানের দিকে তাকিয়ে সবাই।