আজকাল ওয়েবডেস্ক: ডার্বি জয়ের দশদিন পর মাঠে নামবে মোহনবাগান। প্রতিপক্ষ হায়দরাবাদ। বিপক্ষের ডেরায় ম্যাচ। ঠিক দু'দিন আগে কলকাতায় মহমেডান স্পোর্টিংকে চমকে দিয়েছে নবাবের শহরের দল। সাদা কালো ব্রিগেডকে চার গোলে উড়িয়ে দেয় থংবয় সিংটোর দল। তারপরের ম্যাচেই ঘরের মাঠে মোহনবাগানের মুখোমুখি। স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসে ফুটছে হায়দরাবাদের তরুণ ব্রিগেড। অন্যদিকে মিনি ডার্বির পর ডার্বিতেও দাপুটে জয় পেয়েছে মোহনবাগান। খাতায় কলমে ফেভারিট হিসেবেই নামবে জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্টরা। তিন পয়েন্ট নিয়ে ফেরা লক্ষ্য হলেও, জয়ের পথ খুব মসৃণ হবে না বলেই মনে করছেন বাগানের স্প্যানিশ কোচ। তবে পাশাপাশি জানিয়ে রাখলেন, দশ দিনের বিরতির পর ছন্দপতনের ভয় নেই।
মোলিনা বলেন, 'মানছি একটা বিরতির পর খেলতে হবে আমাদের। তবে দল ভাল জায়গায় আছে। আমাদের প্রস্তুতি ভাল। হায়দরাবাদ মহমেডানের বিরুদ্ধে ভাল খেলেছে। আইএসএলে কোনও ম্যাচ জেতাই সহজ নয়। ম্যাচটা যথেষ্ট কঠিন হবে। তবে আমরা লড়াই করার জন্য তৈরি। হায়দরাবাদ নিজেদের প্রমাণ করার চেষ্টায় সেরাটা দেবে। খাতায়-কলমে হয়তো আমরা ফেভারিট। আমাদের দল শক্তিশালী। জাতীয় দলের প্লেয়াররা আছে। তবে আমাদেরও সেরাটা দিতে হবে।'
ঘরের মাঠে আগের দুই ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে মোহনবাগান। একই দল, একই স্টাইলে খেলান মোলিনা। রক্ষণে দুই বড় চেহারার বিদেশি। মাঝমাঠে গ্রেগ স্টুয়ার্ট, এবং সামনে ম্যাকলারেন। বুধবার হায়দরাবাদের বিরুদ্ধেও একই স্টাইলে খেলানোর ইঙ্গিত দিলেন। দলে কোনও বদল করার ইচ্ছে নেই বাগানের হেড কোচের। মোলিনা বলেন, 'আমরা নিজেদের স্টাইলেই খেলব। আমি সেটা বদলাতে চাই না। নিজস্ব স্টাইলে ম্যাচে আধিপত্য বিস্তার করার চেষ্টা করব। ওরা ভাল খেলছে। লড়াই করছে। তবে আমাদের নিজের কাজটা করতে হবে। তিন পয়েন্ট নিয়ে ফিরতে চাই। ফুটবলে সবকিছু ভাল চললে, পরিবর্তন করতে নেই। আমরা পরপর দুটো ম্যাচ জিতেছি। আশা করছি তিন নম্বরটাও জিতব।'
বাগান কোচ স্পষ্ট জানিয়ে দেন, বর্তমানে সবকিছু ঠিকঠাক চলছে। ছন্দে রয়েছে দল। এই অবস্থায় কোনও পরিবর্তন করতে চান না তিনি। হায়দরাবাদের বিরুদ্ধে কোনও বিশেষ পরিকল্পনা নেই মোলিনার। আগের দুটো ম্যাচে ক্লিনশিট ছিল। হায়দরাবাদের বিরুদ্ধেও সেটাই লক্ষ্য। দলে কোনও চোট-আঘাতের সমস্যা নেই। সবাইকেই পাবেন। সোমবার বিকেলে ঘরের মাঠে অনুশীলন করেন ম্যাকলারেন, পেত্রাতোস, কামিন্সরা। প্র্যাকটিস শেষে শুভাশিসদের হাতে দীপাবলীর বিশেষ উপহার তুলে দেওয়া হয় মোহনবাগান ফ্যান ক্লাবের পক্ষ থেকে। মঙ্গলবার হায়দরাবাদ রওনা হবে দল।
















