আজকাল ওয়েবডেস্ক:‌ টেস্টে রোহিতের নতুন ডেপুটি হতে চলেছেন শুভমান গিল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর এমনই। জসপ্রিত বুমরার পরিবর্তে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে গিলই সম্ভবত হবেন রোহিতের ডেপুটি। 


প্রসঙ্গত, শ্রীলঙ্কায় একদিনের ও টি২০ সিরিজে সহ অধিনায়ক হয়েছেন শুভমান গিল। এবার লাল বলের ক্রিকেটেও বিসিসিআই গিলকে সহ অধিনায়ক করতে চাইছে। ইঙ্গিতটা পরিস্কার। আগামীদিনে শুভমান গিলকেই তিন ঘরানার ক্রিকেটে অধিনায়ক করতে চায় বোর্ড। 


বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে ভারত। প্রথমটি ১৯ সেপ্টেম্বর থেকে শুরু চেন্নাইয়ে। দ্বিতীয়টি ২৭ সেপ্টেম্বর থেকে শুরু নাগপুরে। 


টি২০ বিশ্বকাপে সুযোগ না পেলেও জিম্বাবোয়েতে টি২০ সিরিজে অধিনায়ক ছিলেন শুভমান। সিরিজ জিতেছেন। রান পেয়েছেন। তারপরে তাঁকে শ্রীলঙ্কাগামী দুটি দলেরই অধিনায়ক করে দেওয়া হয়েছে। এখন শোনা যাচ্ছে টেস্টেও শুভমানকে সহ অধিনায়ক করা হবে। প্রসঙ্গত, শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত–শ্রীলঙ্কা টি২০ সিরিজ। যেখানে নতুন অধিনায়ক সূর্যর পাশাপাশি হবে শুভমানেরও পরীক্ষা। দ্বীপপুঞ্জে সাদা বলের ক্রিকেটে গিলকে দেখা যাবে ওপেনারের ভূমিকায়।