আজকাল ওয়েবডেস্ক: সঙ্গীর অভাব বোধ করছেন জশপ্রীত বুমরাহ।  যে সে নন, ওয়াঘার ওপার থেকে এমনই মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। 
বেঙ্গালুরু টেস্টে নিউজিল্যান্ডের কাছে হার মেনেছে টিম ইন্ডিয়া। পঞ্চম দিনের সকালে বুমরাহ দুই উইকেট নিয়ে চাপ দিয়েছিল কিউয়িদের উপরে। কিন্তু অন্য প্রান্ত থেকে মহম্মদ সিরাজ উইকেট নিতে পারেননি। বাসিত মনে করছেন, বুমরাহর সঙ্গী না থাকা ভারতকে ভোগাতে পারে অস্ট্রেলিয়ায়। 

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বলছেন, ''বুমরাহ যে আট ওভার স্পেল করেছে, তা দেখে আমার ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসের কথা মনে পড়ে যাচ্ছিল। বুমরাহর সঙ্গে আরও দু'জন জোরে বোলার দরকার অস্ট্রেলিয়ায়। ভারতকে এটা মাথায় রাখতে হবে। এই মুহূর্তে বুমরার সঙ্গী পেস বোলার ভাল নেই। অস্ট্রেলিয়া সফরের আগে যদি সামি সুস্থ হয়ে যায়, তাহলে ভারতের জন্যই ভাল। ব্যাটিং ঠিকই আছে ভারতের। রোহিত পঞ্চাশ করেছে। বিরাট ৭০। এটা ভাল দিক। সরফরাজ দেড়শো রান করেছে। খুব ভাল খেলেছে। ঋষভ পন্থ টেস্ট প্লেয়ার হয়ে উঠেছে।'' 

তিন টেস্টের সিরিজে ভারত ইতিমধ্যেই ১-০ পিছিয়ে পড়েছে। বাকি দুটো টেস্টে কি ঘুরে দাঁড়াতে পারবে টিম ইন্ডিয়া? বাসিত আলি বলছেন, ''নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী দুটো টেস্ট ম্যাচে কি ঘুরে দাঁড়াতে পারবে ভারত? আমি বলব অবশ্যই পারবে। ৩ বছর ৮ মাস পরে পাকিস্তান জিতেছে। অন্যদিকে গত দেড় বছরে ভারত তিনটি টেস্টে হেরেছে। সব সিরিজই জিতেছে। ভারত এখন একটা টেস্টে হেরেছে। সবাই লোকেশ রাহুলের দিকে বন্দুক ধরেছে। গৌতম গম্ভীর কীভাবে পরিস্থিতি সামলায় সেটাই এখন দেখার। রাহুল দ্রাবিড় দক্ষতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেছিল। অস্ট্রেলিয়া সফরের আগে এই পরাজয় গম্ভীরের চোখ খুলে দেবে।''