সম্পূর্ণা চক্রবর্তী: মেলবোর্ন ডার্বিতে একবার পাঁচ গোল করেছিলেন। তারপর এদিন আইএসএলে চার।‌ পেশাদার ফুটবলে এটাই জেমি ম্যাকলারেনের এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ গোল। ভারতের এই সুখস্মৃতি এই দেশে ফেলে রেখে যেতে চান না। তাই হ্যাটট্রিক বল নিয়ে যাবেন মেলবোর্নে। শুক্রবার ম্যাচ শেষে সেই বল নিয়েই সাংবাদিক সম্মেলনে আসেন ম্যাকা। আগলে রাখেন হ্যাটট্রিক বল। চিত্র সাংবাদিকদের বিভিন্ন পোজও দেন। ম্যাকলারেন বলেন, 'মেলবোর্ন ডার্বিতে আমি একবার পাঁচ গোল করেছিলাম। তারপর পেশাদার ম্যাচে চার গোল এই প্রথম। খুব খুশি এবং গর্বিত। এই বলটা আমি মেলবোর্নে নিয়ে যাব। ভারতে এটা আমার এবং আমার পরিবারের জন্য বিশেষ মুহূর্ত। আমার প্রথম হ্যাটট্রিক। আগের বছরে হলে ভাল হত। তবে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম।' 

শুক্র সন্ধেয় যুবভারতী সাক্ষী থাকে ম্যাকা ম্যাজিকের। চারের মধ্যে কোন গোলকে সেরা হিসেবে বেছে নিলেন? নিজের পছন্দের কথা জানালেও, এগিয়ে রাখলেন অ্যালবার্তোর গোলকে। ম্যাকলারেন বলেন, 'প্রথম গোলকেই এগিয়ে রাখব। প্রথম গোল সবসময় গুরুত্বপূর্ণ। তবে প্রত্যেক গোলই ভাল। পাঁচটা গোলের মধ্যে অ্যালবার্তোর গোল সেরা। আমরা একনম্বরে রয়েছি। বাইরে আওয়াজ কানে আনতে চাই না। ইস্টবেঙ্গল নিয়ে ভাবছিই না।' গোলগুলো কাকে উৎসর্গ করলেন? অজি বিশ্বকাপার জানান, প্রথম গোল নিজের সদ্য প্রয়াত আত্মীয়কে উৎসর্গ করেন। ম্যাকলারেন বলেন, 'চলতি সপ্তাহে আমার আঙ্কেল প্রয়াত হয়েছে। প্রথম গোল আমি তাঁকে উৎসর্গ করছি। তাই গোলের পর আকাশের দিকে তাকাই। আমার থেকে সকলের প্রত্যাশা অনেক। আমি চাই সবাই আমার ওপর আস্থা রাখুক। এমন একজন স্ট্রাইকার হতে চাই যে প্রত্যেক ম্যাচে গোল করে। সাপোর্টারদের গোল উপহার দিতে চাই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ জেতা।'

আগের আইএসএলে মোট ১২ গোল করেন। এবার ইতিমধ্যেই চার ম্যাচে ৭ গোল। কোনও লক্ষ্য সেট করে এগোচ্ছেন? কোনও রাখঢাক না করে টার্গেট জানিয়ে দিলেন। ম্যাকলারেন বলেন, 'স্ট্রাইকার হিসেবে গোল সেট করে এগোতে হয়। প্রত্যেক ম্যাচে গোল করতে চাই। বর্তমানে ম্যাচের থেকে আমার গোল সংখ্যা বেশি। তবে কিছু ম্যাচে গোল পাওয়া কঠিন হতে পারে। আমি ধাপে ধাপে এগোতে চাই। আমার পরবর্তী টার্গেট দুই অক্ষর। তবে আমাদের গোলের কৃতিত্ব সকলের। ওরা অ্যাসিস্ট না করলে গোল করা সম্ভব হত না।' এই প্রথম ম্যাচ শুরু করেন অস্ট্রেলিয়ান ত্রয়ী জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিন্স। অজি বিশ্বকাপারের দাবি, এটা তাঁর কাজ কিছুটা সহজ করে দিয়েছে। কারণ তিনজনের মধ্যে বোঝাপড়া ভাল। জাতীয় দলে একসময় একসঙ্গে খেলেন। তবে নিজের চার গোল এবং দলের বড় জয়ের জন্য টিমগেমকেই কৃতিত্ব দিলেন ম্যাকা। গত দুই ম্যাচে কমজোরী প্রতিপক্ষের বিরুদ্ধে দু'গোল হজম করেছে মোহনবাগান। তবে সেই নিয়ে চিন্তিত নন জেমি। আত্মবিশ্বাসের সুরে জানান, তাঁদের দর্শন গোল করা। দুই ম্যাচে ১০ গোল মনোবল বাড়াবে। আইএসএলের শুরুতেই ঘরের মাঠে চারটে ম্যাচ খেলে ফেলল মোহনবাগান। এবার অ্যাওয়ে ম্যাচের পালা। বাইরে থেকেও তিন পয়েন্ট নিয়ে ফিরতে মরিয়া ম্যাকা।