আজকাল ওয়েবডেস্ক: জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড বর্তমানে ত্রিনিদাদ সফরে রয়েছেন। সেখানেই একটি মাঠে ব্যাট হাতে নেমে পড়লেন তিনি। ক্রিকেট খেলার সময় তাঁর মজার কাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ব্যাট হাতে নামার আগে তিনি বন্ধুদের খেলা দেখছিলেন। পরে নিজে ব্যাট করতে নেমে বিরাট কোহলিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাবর আজমকে নিয়েও কটাক্ষ করেন। ইতিমধ্যেই, সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যায়, প্রথমে স্পিডের এক বন্ধু ব্যাট করতে নামেন। তবে তিনি খুব বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। দ্রুত আউট হয়ে যান। এরপর তাঁকে মজা করে স্পিড বলেন, ‘এটা কী ছিল? একেবারে বাবর আজমের মতো খেললে!’
এরপর নিজে ব্যাট হাতে নামেন স্পিড। প্রথম সুযোগেই বাউন্ডারি হাঁকিয়ে উচ্ছ্বাসে লাফিয়ে ওঠেন তিনি। তারপর চিৎকার করে বলেন, ‘বিরাট কোহলি বেবি! আমার বন্ধু বিরাট কোহলিকে শুভেচ্ছা।’
আইশোস্পিড দীর্ঘদিন ধরেই বিরাট কোহলির বড় ভক্ত হিসেবে পরিচিত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন তিনি ভারতে এসেছিলেন এবং ভারত-পাকিস্তান ম্যাচও মাঠে বসে দেখেছিলেন।
সেই সফরে তিনি জয় শাহের সঙ্গেও দেখা করেছিলেন। যদিও কোহলির সঙ্গে দেখা করার ইচ্ছা পূরণ হয়নি, তবুও প্রকাশ্যে একাধিকবার ভারতের তারকা ব্যাটারের প্রতি সমর্থন জানিয়েছেন।
এর আগেও ২০২৫ সালে কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তে প্রতিক্রিয়া দিয়েছিলেন স্পিড। তিনি জানিয়েছিলেন, কোহলির অবসর নেওয়ার খবরে তিনি ভীষণই হতাশ হয়েছিলেন।
অন্যদিকে, চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন কোহলি। সাত ম্যাচে ৩২৮ রান করেছেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ১৬৩.১৮ এবং গড় ৫৪.৬৭।
এবার সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে আইপিএল শুরু করেছেন কোহলি। তাই তাগিদও বেশি। অন্যান্যবারের তুলনায় এবার তাড়াতাড়ি দলের সঙ্গে প্রাক মরশুম শিবিরে যোগ দেন। ব্যাট হাতেও অনবদ্য। শুরু থেকেই মনোভাব স্পষ্ট করে দিচ্ছেন।















