আজকাল ওয়েবডেস্ক: স্বপ্নের ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন ঈশান কিষাণ।‌ দেড় বছর জাতীয় দলের বাইরে থাকার পর দুরন্ত প্রত্যাবর্তন। সুযোগের অপেক্ষা করছিলেন। আসা মাত্র দু'হাতে গ্রহণ করেন। টি-২০ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পান উইকেটকিপার ব্যাটার। টি-২০ বিশ্বকাপ জেতার পাশাপাশি দুটো ম্যাচের সেরা হন ঈশান। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক করা হয় তাঁকে। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করবে হায়দরাবাদ। এবার নতুন চ্যালেঞ্জের মুখে ঈশান। 

বুধবার একটি ভিডিও পোস্ট করে সানরাইজার্স। সেখানে নিজের নতুন ভূমিকা নিয়ে আশাবাদী শোনায় তারকা ক্রিকেটারকে। ঈশান কিষাণ বলেন, 'দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি খুবই খুশি। সত্যি বলতে, আমি সবকিছু খুব সহজ রাখতে চাই। খুব বেশি কিছু করার চেষ্টা করব না। আমার মনে হয়, আইপিএলে খেলা সবাই ভাল প্লেয়ার। ওরা যাতে সঠিক দিশায় এগোয়, সেটা দেখা আমার কাজ। আমার মাইন্ডসেট বদলাবে না। আশা করছি ভাল মরশুম যাবে। আমরা একসঙ্গে জয়ের লক্ষ্যে ঝাঁপাব। এই মরশুম‌ থেকে অনেক কিছু শেখার আছে। গত কয়েক বছরে আমি একটা জিনিস উপলব্ধি করেছি, একজন ক্রিকেটারকে গোটা মরশুমে মাথা ঠাণ্ডা রাখতে হবে। আমরা ম্যাচের আগে আপ্রাণ পরিশ্রম করব। মাঠে নেমে খেলাটা উপভোগ করতে চাই। ম্যাচ প্রতি এগোব।' 

টি-২০ বিশ্বকাপে ৩১৭ রান করেন। গড় ৩৫.২২। স্ট্রাইক রেট ১৯৩। ঈশান জানান, ক্রিকেট জীবনের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। বলেন, 'আমার জীবনের সেরা কয়েকদিন ছিল। কারণ আচমকা দলের সঙ্গে যোগ দিয়েই বিশ্বকাপ জয়। অন্যতম সেরা মুহূর্ত। আমরা প্রচুর পরিশ্রম করেছি। কয়েকজন ফর্মে ছিল না। কিন্তু আসল সময় সবাই নিজেদের সেরা ক্রিকেট খেলেছে। সবাই নিজেদের ভূমিকা পালন করে। সেই কারণেই সাফল্য।'

একটা সময় দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন। ভারতীয় ক্রিকেটের 'ব্যাড বয়' এর তকমা পান। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন। কিন্তু উইকেটকিপার ব্যাটারের দাবি, কামব্যাকের বিষয়ে নিশ্চিত ছিলেন। ঈশান বলেন, 'দলে না থাকাকালীন কেমন মনে হত বলে বোঝানো যাবে না। সবসময় মনে হত, একদিন আমি দলে জায়গা পাবই। কারণ জানতাম সেটার জন্য আমি কঠোর পরিশ্রম করব। এছাড়াও নিজের প্রতি বিশ্বাস দরকার।' ঘরোয়া ক্রিকেট তাঁকে আবার আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিয়েছে। ঈশানের নেতৃত্বে মুস্তাক আলি ট্রফি জেতে ঝাড়খণ্ড। ১০ ইনিংসে ৫১৭ রান করে একনম্বরে শেষ করেন। তারমধ্যে ছিল দুটো শতরান, দুটো অর্ধশতরান। ভারতের উইকেটকিপার ব্যাটার মনে করেন, তাঁর উদাহরণ তরুণদের উৎসাহিত করবে। যারা নিজেদের ওপর বিশ্বাস হারিয়েছে, তাঁদের আবার ট্র্যাকে ফিরতে সাহায্য করবে।