আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই শুরু বিশ্বকাপ। ফুটবল মহারণের আগেই একটি প্রশ্ন ঘুরতে শুরু করেছে। বিশ্বকাপের মঞ্চে কি আমনে-সামনে হবেন মেসি-রোনাল্ডো? ছয় বছর আগে শেষবার প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হয় দুই মহাতারকা। চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের কাছে ০-৩ গোলে হারে বার্সেলোনা। গ্রুপ পর্বে মেসিদের বিরুদ্ধে জোড়া গোল করেন রোনাল্ডো।তারপর থেকেই দু'জন টপ লিগ ছেড়ে বিভিন্ন পথ বেছে নেওয়ায় আর মুখোমুখি হয়নি। কিন্তু সেটা বদলে যেতে পারে এই বিশ্বকাপে। মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা এবং পর্তুগাল। দুই তারকার দ্বৈরথ দেখার জন্য ফাইনাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। কোয়ার্টার ফাইনালেই দেখা হতে পারে মেসি-রোনাল্ডোর। 

এবার গ্রুপ জে-তে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ কে-তে রয়েছে পর্তুগাল। মেসিদের গ্রুপে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডন। অন্যদিকে ডমিনিক রিপাবলিক অফ কঙ্গো, উজবেকিস্তান এবং কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে রোনাল্ডোরা। মোট তিনটে পরিস্থিতিতে এবারের বিশ্বকাপে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-পর্তুগাল, বা মেসি-রোনাল্ডো। 

প্রথম পরিস্থিতি: দুই দলই যদি গ্রুপ শীর্ষে শেষ করে। তাহলে একই দিকে থাকবে। এরপর আর্জেন্টিনা এবং পর্তুগাল যদি রাউন্ড অফ ৩২ এবং প্রি কোয়ার্টার ফাইনাল জেতে, তাহলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মেসি-রোনাল্ডো। 

দ্বিতীয় পরিস্থিতি: যদি নিজেদের গ্রুপে রানার্স আপ হয় আর্জেন্টিনা এবং পর্তুগাল, তাহলে শেষ আট পর্যন্ত অপেক্ষা করতে হবে না। সেক্ষেত্রে প্রি-কোয়ার্টার ফাইনালেই আমনে-সামনে হবে দুই মহাতারকা। তবে দুই দল যে গ্রুপে রয়েছে, সেই সম্ভাবনা কম। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে একনম্বর দল হয়েই পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আর্জেন্টিনা এবং পর্তুগালের। 

তৃতীয় পরিস্থিতি: আর্জেন্টিনা এবং পর্তুগালের মধ্যে যদি একটি দল গ্রুপ শীর্ষে শেষ করে, এবং অন্য দল দুই নম্বরে থাকে, সেক্ষেত্রে শেষপর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন একমাত্র নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে পারে দুই মহাতারকা। 

মেসি, রোনাল্ডোর এটাই শেষ বিশ্বকাপ। তাই শেষবার দুই মহাতারকার ফেস অফ দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ফুটবলপ্রেমীরা। যদি ফুটবল ঈশ্বর সহায় হয়, বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে মেসি-রোনাল্ডো। সেটাই হবে 'আইসিং অন দ্যা কেক'।