আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ আইপিএলেও দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। জানিয়ে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। তাঁর কথায়, সব ম্যাচই খেলবেন ধোনি। তবে কোন ভূমিকায় দেখা যাবে মাহিকে তা জানা যায়নি।
ধোনির আইপিএল অবসর নিয়েও দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান বলছেন, এবারই সম্ভবত শেষবার আইপিএলে ক্রিকেটার হিসেবে দেখা যাবে ধোনিকে।
এটা ঘটনা ধোনির নেতৃত্বেই পাঁচবার আইপিএল জিতেছে চেন্নাই। পাঠানের কথায়, ধোনিকে ছাড়া চেন্নাইয়ের কথা ভাবাই যায় না। পাঠান বলেছেন, ‘ধোনিকে ছাড়া সিএসকে অসম্পূর্ণ। এবারই সম্ভবত হলুদ জার্সিতে ধোনিকে শেষবার দেখা যাবে মাঠে। এটা ঘটনা চেন্নাই ও আইপিএল ধোনিকে ছাড়া ভাবাও যায় না। তাই এই বছরটা ধোনির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি জানি, না ধোনি এবার কটা ম্যাচ খেলবে। তবে ড্রেসিংরুমে ধোনির উপস্থিতিটাই অনেক। চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। এবার দলটাও ঢেলে সাজিয়েছে। সঙ্গে ধোনি আছে। আমার মনে হয় তফাতফা ধোনিই গড়ে দেবে।’
পাঠানের মতে, ধোনির ওয়ার্কলোডের বিষয়টি চেন্নাই কর্তৃপক্ষ সামলাবে। তাঁর কথায়, ‘ধোনির ফিটনেস, ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন থাকছে। সব ম্যাচ খেলবে কিনা সেটাও একটা প্রশ্ন। সিএসকে টিম ম্যানেজমেন্ট বিষয়টা ধাপে ধাপে সামলাবে বলেই মনে হয়। আশা করবি এবারের আইপিএল জিতেই ধোনি বিদায় নেবে।’
এদিকে, আইপিএল শুরুর আগে ১০ ফ্রাঞ্চাইজিকে কঠোর নির্দেশ দিয়েছে বিসিসিআই। জানিয়ে দেওয়া হয়েছে, আইপিএলের কোনও দল তাদের নেট সেশনের সময় প্রতিপক্ষ দল যে পিচে অনুশীলন করেছিল, সেই পিচে অনুশীলন করতে পারবে না। এক ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটের প্রতিবেদনে এই কথা বলা হয়েছে।
বোর্ডের কথায়, প্রতিপক্ষ দলের জন্য অনুশীলনে আলাদা পিচের ব্যবস্থা করতেই হবে। বোর্ডের এক সূত্রে বলা হয়েছে, ‘অনুশীলনের জন্য নতুন পিচ দিতেই হবে প্রতি দলকে। একে অন্যের পিচ অনুশীলনে ব্যবহার করতে পারবে না। থ্রো–ডাউনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কোনও দল আগে অনুশীলন শেষ করলে অন্য দল ওই পিচে অনুশীলন করতে পারবে না।’
