আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মাঝেই বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। জানান, দু'জনেই বরাবর দেশকে প্রাধান্য দিয়ে এসেছেন। দুই মহারথীর এই মনোভাবের প্রশংসা করেন মুনাফ প্যাটেল। টেস্ট এবং টি-২০ থেকে অবসর নেওয়া সত্ত্বেও, একদিনের ক্রিকেটের বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে রো-কো জুটি। ম্যাচ ফিটনেস বজায় রাখতে বিজয় হাজারে ট্রফিতে খেলেন। ২০১১ বিশ্বকাপজয়ী সদস্য মনে করেন, আগামী বছর দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলতে আইপিএল থেকে সরে যেতে পারেন দুই মহাতারকা।
মুনাফ প্যাটেল বলেন, 'আমি সবসময় বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দেশকে আগে রাখতে দেখেছি। ওরা জাতীয় দলের হয়ে খেলাকে আলাদা মর্যাদা দেয়। প্রয়োজনে ওরা আইপিএল ছেড়ে দিতে পারে। তবে ওরা কোনওদিন ভারতীয় দল ছাড়বে না। সেটা সবসময় দেখা যায়।' বর্তমানে দুই তারকা যথাক্রমে বেঙ্গালুরু এবং মুম্বইয়ের হয়ে খেলছে। বুধবার কোহলির ৪৯ রানে ভর করে লখনউ সুপার জায়ান্টসকে হারায় বেঙ্গালুরু। গোড়ালির চোটের জন্য বিপক্ষের ইনিংসের সময় ফিল্ডিং করতে নামেননি কোহলি। কিন্তু ব্যাট হাতে নামতেই স্বমহিমায়। যার ফলে ঘরের মাঠে টানা তিন জয় বেঙ্গালুরুর। অন্যদিকে চোট পান রোহিতও। আরসিবি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন। গুরুতর চোট। মুম্বইয়ের পরের দুটো ম্যাচেও নেই রোহিত। বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৩ বলে ১৯ রানে ব্যাট করাকালীন মাঠ ছাড়েন। ১৮ রানে হারে মুম্বই। টানা তিন হার। রোহিতের না থাকা মুম্বইয়ের জন্য বড় ক্ষতি। এখনও দলের সঙ্গে যোগ দেননি উইল জ্যাকস। প্রথম চারটে ম্যাচেই খেলতে পারেননি। বৃহস্পতিবারের ম্যাচেও থাকবেন না। দুই তারকাকে ছাড়াই জয়ের লক্ষ্যে ঝাঁপাতে হবে মুম্বইকে।















