আজকাল ওয়েবডেস্ক: আবার ইতিহাসে বিরাট কোহলি। করলেন নতুন রেকর্ড। জুনিয়রদের সঙ্গে সমানতালে টক্কর দিতে চলেছেন তারকা ক্রিকেটার। এবার বাংলার নতুন বছরের প্রথমদিন আরও একটি নজির গড়ে ফেলেন। ৩৪ বলে ৪৯ রান করেন। ইনিংসে মাত্র একটি ছয় মারেন কোহলি। তাতেই গড়েন নতুন নজির। ভারতীয় ওপেনার হিসেবে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ছয়ের সংখ্যায় কেএল রাহুলকে পেরিয়ে গেলেন। কোহলির ছয়ের সংখ্যা ১৮৫, রাহুলের ১৮৪। তৃতীয় স্থানে রোহিত শর্মা। ১৪৮টি ছক্কা তাঁর নামের পাশে। এলিট তালিকায় চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে আছেন শিখর ধাওয়ান এবং শুভমন গিল। সব মিলিয়ে তিন নম্বরে কোহলি। তার আগে ক্রিস গেইল (৩২৬) এবং ডেভিড ওয়ার্নার (২১০)।
পুরো ফিট না থাকা সত্ত্বেও এই ইনিংসে খুশি বিরাট। তাঁর ব্যাটে ভর করে পাঁচ উইকেটে জেতে আরসিবি। কোহলি বলেন, 'আগের ম্যাচের থেকে ভাল জায়গায় ছিলাম। তবে এখনও একশো শতাংশ ফিট নই। আগের ম্যাচে হাঁটুতে একটু সমস্যা হয়। গত ৪-৫ দিন ধরে শরীরও খারাপ। ধীরে ধীরে আগের জায়গায় পৌঁছব।' ম্যাচের আগে চিন্নস্বামীতে হাঁটুতে ব্যান্ডেজ বেঁধে প্র্যাকটিস করতে দেখা যায় বিরাটকে। ২২৮ রান করে কমলা টুপি নিজের দখলে নিয়ে নেন কোহলি। গড় ৫৭। কোহলি বলেন, 'আমি শুরুটা ভাল করেছি। নিজের খেলায় খুশি। ম্যাচটা শেষ করতে চেয়েছিলাম। কিন্তু কখনও পরিস্থিতি যাচাই করে খেলতে হয়। পিচ মন্থর হয়ে গিয়েছিল। কিন্তু আমি একইভাবে খেলা চালিয়ে যেতে চেয়েছিলাম। তবে শেষটা ভাল করা উচিত ছিল।' এবার আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে শুরু করেন বিরাট। তাই তাগিদই আলাদা। বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে চান প্রাক্তন অধিনায়ক।
















