আজকাল ওয়েবডেস্ক:‌ ম্যাচ জেতানো ইনিংস খেলেছে বৈভব সূর্যবংশী। আরসিবির বিরুদ্ধে ২৬ বলে ৭৮ রানের ইনিংসে বৈভব মেরেছে আটটি চার ও সাতটি ছয়।


এদিকে, ম্যাচ জিতেই বিরাট কোহলির সই নিতে ছুটতে দেখা গেল ১৫ বছরের বৈভবকে। তরুণ ক্রিকেটারকে হতাশ করেননি কোহলি। বৈভবের টুপিতে সই করে দিয়েছেন। 


এই প্রথম কোহলির সঙ্গে দেখা হল বৈভবের। গত বছর যখন আইপিএলে বৈভবের অভিষেক হয়েছিল, তার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দু’টি ম্যাচই খেলা হয়ে গিয়েছিল রাজস্থানের। তাই শুক্রবার ২৬ বলে ৭৮ রানের ইনিংস খেলার পর সোজা কোহলির সই নিতে চলে যায় বৈভব। কোহলিও ম্যাচ শেষে তাঁকে উৎসাহ দিতে ভোলেননি। ভারতের প্রাক্তন অধিনায়ক বৈভবের টুপিতে সইও করে দেন। সঙ্গে চার শব্দের বার্তা, ‘ডিয়ার বৈভব, ওয়েল ডান।’


গতবারের চ্যাম্পিয়ন আরসিবির বিরুদ্ধে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছে বৈভব। বৈভবের ২৬ বলে ৭৮ রানের ইনিংসের জন্যই বেঙ্গালুরুর বিরুদ্ধে ২০২ রান তাড়া করতে সমস্যা হয়নি রাজস্থানের। ৬ উইকেটে ম্যাচ জিতেছে রাজস্থান। এই মুহূর্তে সর্বোচ্চ রান করে বৈভব এখন কমলা টুপির মালিকও। এখন ৪ ম্যাচে ২০০ রান রয়েছে বৈভবের।


এদিকে, ম্যাচ শেষে রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ বলেছেন, ‘‌দলের সকলে বৈভবকে ভালবাসে। ওকে আমাদের দলে পাওয়াটা আনন্দের। ও খেতে খুব পছন্দ করে, বাইরে ঘুরতে ভালবাসে। আমরা দেখি, যেন ও যা চায় তা পায়। ও তো আসলে ১৫–১৬ বছরের একটা বাচ্চা, তাই ওর মধ্যে সেই ছেলেমানুষি আছে। ও ব্যাটিং করতে খুব ভালবাসে, তাই আমরা ওকে শুধু ব্যাটিং করার সুযোগ করে দিই। ও যদি এভাবে ব্যাটিং চালিয়ে যায়, তবে ও যা চাইবে তা–ই পাবে।’