আজকাল ওয়েবডেস্ক: তাক লাগিয়ে দিচ্ছে বৈভব সূর্যবংশী। গতবারই প্রথম আইপিএলের আঙিনায় দেখা গিয়েছিল বৈভবকে। তখন বয়স ছিল ১৪। এখন ১৫। শুক্রবার আরসিবির বিরুদ্ধে ২৬ বলে ৭৮ রানের ইনিংস খেলেছে বৈভব। ইনিংসে ছিল আটটি চার ও সাতটি ছয়। হাফ সেঞ্চুরি করেছে মাত্র ১৫ বলে। আর তাতেই একটি নজির গড়ে ফেলেছে বৈভব।
ভারতীয়দের মধ্যে আইপিএলে দ্রুততম অর্ধশতরানের তালিকায় বৈভব এখন রয়েছে তিনে। তালিকায় এক নম্বর নাম যশস্বী জয়েসওয়াল। তিনি ১৩ বলে অর্ধশতরান করেছিলেন কেকেআরের বিরুদ্ধে। দুইয়ে লোকেশ রাহুল (১৪ বল), তিনে ইউসুফ পাঠান (১৫ বল)। বৈভবও রয়েছে তিনে। তাঁর আইপিএলে ১৫ বলে দু’বার অর্ধশতরান রয়েছে। চেন্নাই ও আরসিবির বিরুদ্ধে ১৫ বলে অর্ধশতরান রয়েছে বৈভবের।
এছাড়া রাজস্থানের ব্যাটার হিসেবে প্রথম ছয় ওভারের মধ্যে অর্ধশতরান করে তিনি ছুঁয়েছেন জস বাটলারকে। এই রেকর্ড যশস্বীর দু’বার আছে। এছাড়া একবার করে এই কৃতিত্ব গড়েছেন মাইকেল লাম্ব, বেন স্টোকস ও নীতীশ রানা।
এদিকে, দুরন্ত ইনিংসের পর বৈভব বলেছে, ‘মাথায় কোথাও একটা থাকে যে সামনে বুমরা বল করছে। কিন্তু আমি যেটা প্র্যাকটিসে করি, সেটাই মাঠে করার চেষ্টা করি। বল দেখো আর মারো, বোলার কে দেখার দরকার নেই।’
বৈভব আরও বলেছে, ‘সবাই আমাকে বারবার বলে এই সফরটা অনেকটা লম্বা। আমার ফোকাস শুধুমাত্র খেলাতেই। অন্য কিছুতেই নয়।’ তবে শুক্রবারের দুর্দান্ত ইনিংসের পরও অখুশি বৈভব। সে বলেছে, ‘আমি সেট হয়ে গিয়েছিলাম। আরও কুড়িটা রান করতে পারতাম। তাহলে দলের জয়ে আর একটু সুবিধা হত।’
প্রসঙ্গত, শুক্রবার রাজস্থানের কাছে হেরে গিয়েছে আরসিবি। বৈভব ছাড়াও রান করেছেন ধ্রুব জুরেল। তিনি ৪৩ বলে ৮১ রানে অপরাজিত থাকেন।















