আজকাল ওয়েবডেস্ক: বৈভব সূর্যবংশী মাঠে থাকা মানেই কীর্তি। চলতি আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় রয়েছেন ১৫ বছরের বিষ্ময় বালক। ইতিমধ্যেই দুটি ১৫ বলে অর্ধশতরান করে ফেলেছেন। রাজস্থান রয়্যালসের প্রথম চার ম্যাচে বৈভবের রান ৫২, ৩১, ৩৯ এবং ৭৮। কিন্তু সানরাইজার্সের বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হয় তাঁকে। তাতেই চটে গিয়েছেন বৈভব। খুবই অখুশি। রয়্যালসের কোচ ট্রেভর পেনিকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, বৈভব ফিল্ডিং করতেও চায়। কিন্তু টিম কম্বিনেশনের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পেনি বলেন, 'আগের ম্যাচে ও ফিল্ডিং করতে পারেনি। সেই নিয়ে হতাশ ছিল। ও খারাপ ফিল্ডার নয়। কিন্তু ডোনাভ্যান ফিটনেস টেস্ট পাস করে গিয়েছে। সাউথ আফ্রিকা ২০ টুর্নামেন্টে কলারবোন ভেঙে ফেলেছিল। ও দারুণ ফিল্ডার। ওর প্রত্যাবর্তন আমাদের কাছে ভাল খবর। দুঃখের বিষয় হল, বৈভবকে মাঠ ছাড়তে হয়।'
বিদর্ভের দুই পেসার প্রফুল্ল হিঞ্জ এবং সাকিব হোসেনের দাপটে ২১৬ রান তাড়া করতে নেমে ১৫৯ রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। ভাঙে টানা চার ম্যাচের বিজয়রথ। দ্বিতীয় জয় তুলে নেয় সানরাইজার্স। চলতি আইপিএলে প্রথম ম্যাচ হারলেও টেবিলের একনম্বরে রাজস্থান। দুই জয় এবং তিন হারে চারে উঠে আসে হায়দরাবাদ। এদিকে মঙ্গলবার সুখবর পান বিশ্বক্রিকেটের বিষ্ময় বালক। শোনা যাচ্ছে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজে সিনিয়র দলে সুযোগ পেতে পারে বৈভব।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আয়ারল্যান্ড সফরের জন্য বৈভবকে ইতিমধ্যেই সম্ভাব্য তালিকায় রাখা হয়েছে। ২৬ এবং ২৮ জুন ভারতের দুটি ম্যাচ রয়েছে। বিসিসিআইয়ের একটি সূত্র মারফত জানা গিয়েছে, ‘আয়ারল্যান্ড সফরের জন্য বৈভব বিবেচনায় রয়েছে এবং নির্বাচকরা তার নাম সম্ভাব্য তালিকায় রেখেছেন।’ আয়ারল্যান্ডে ভাল খেলতে পারলে পরবর্তী জিম্বাবোয়ে সফরের দলেও বৈভবকে রাখা হতে পারে। সেখানে ২৩ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে ভারতের তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। শোনা যাচ্ছে, অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে বৈভবকে খেলিয়ে দেখে নিতে চান নির্বাচকরা।
















