আজকাল ওয়েবডেস্ক: আচমকা নেটমাধ্যমে ভাইরাল সুয়াস শর্মা। একটি ঘটনায় খবরের শিরোনামে রয়াল চালেঞ্জার্স বেঙ্গালুরুর স্পিনার। শুক্রবার বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে শুভমন গিলকে আউট করেন সুয়াশ। গুজরাট টাইটানসের অধিনায়ককে প্যাভিলিয়নে ফেরানোর পর করেন অভিনব সেলিব্রেশন। তাতেই সবার দৃষ্টি আকর্ষণ করেন। ১৩ ওভারের চতুর্থ বলে, শর্ট গুগলি দেন সুয়াস। সরাসরি লং অনে দেবদত্ত পাড়িক্কলের হাতে ধরা পড়েন গিল। ২৪ বলে ৩২ রান করে আউট হন। উইকেট পাওয়ার সেলিব্রেশনে গিলকে নকল করেন আরসিবির স্পিনার। চিন্নস্বামীতে ফেরান 'বো ডাউন' সেলিব্রেশন। শতরানের পর সাধারণত এই ধরনের বহির্প্রকাশ করেন শুভমন। 

এদিকে বিরাট কোহলির ক্যাচ ফেলার খেসারত দিতে হয় গুজরাটকে। পাঁচ উইকেটে জেতে বেঙ্গালুরু। আরও একটি অর্ধশতরান কোহলির। প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে গুজরাট। আইপিএলে নিজের তৃতীয় শতরান করেন সাই সুদর্শন। কিন্তু দ্বিতীয় উইকেটে কোহলি এবং পাড়িক্কলের ১০৫ রানের জুটিতে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচ জেতে বেঙ্গালুরু। নিজের প্রথম বলে আউট হতে পারতেন কোহলি। মহম্মদ সিরাজের বলে মিড উইকেটে ক্যাচ ফেলেন ওয়াশিংটন। তার খেসারত দিতে হয়। ৮১ রান করেন কোহলি। ফিল সল্ট চোট পাওয়ায় বেঙ্গালুরুর জার্সিতে অভিষেক হয় জেকব বেথেলের। কিন্তু প্রথম ম্যাচে সাফল্য পাননি। তৃতীয় ওভারেই ফেরেন। বাকি কাজটা সারেন কোহলি এবং পাড়িক্কল। তার প্রথম শুরুটা করেন দ্বিতীয়জন। ২০ বলে অর্ধশতরানে করেন দেবদত্ত। কোহলি করেন ৩০ বলে। অভিষেক শর্মাকে টপকে আবার আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রহকারী কোহলি। ৩২৮ রান করে ফের কমলা টুপি নিজের দখলে করে নেন তারকা ক্রিকেটার।