আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলের প্রথম ম্যাচে নামতে চলেছেন এমএস ধোনি? শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই কি ভারতের অন্যতম সেরা অধিনায়ককে দেখা যাবে? সুরেশ রায়নার বক্তব্য সেই প্রসঙ্গ উস্কে দিল। যা শুনে আশ্বস্ত হবে মাহি ভক্তরা। ধারাভাষ্যকার এবং ধোনির বন্ধু রায়না জানান, মুম্বইয়ের বিরুদ্ধেই প্রথমবার মাঠে নামতে চলেছেন ক্যাপ্টেন কুল। সম্প্রচারকারী চ্যানেলের একটি অনুষ্ঠানে রায়না বলেন, 'আজ হয়ত খেলবে। আজ খেলবে বন্ধুগন।' এটা শুনেই সঞ্চালক যতীন সাপরু বলেন, 'এবার মজা হবে।' ধোনির না খেলা নিয়ে চর্চা চলছিলই। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেও ডাগআউটে দেখা মিলছিল না পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়কের। যা নিয়ে প্রশ্ন ওঠে।
মুম্বইয়ের বিরুদ্ধে মেগা ম্যাচের আগে খোলসা করেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। কিন্তু কবে মাঠে ফিরবেন, সেটা স্পষ্টভাবে জানাননি। হাসি বলেন, 'এমএস ধোনি বরাবরই টিম কেন্দ্রিক। আদ্যোপান্ত টিমম্যান। সবসময় দলের সেরাটাই চায়। ও ভয় পাচ্ছিল, ভাবছিল ডাগআউটে থাকলে দলের ফোকাস নষ্ট হতে পারে। ক্যামেরা ওর দিকেই থাকবে বেশিরভাগ সময়। সমর্থকরা ওর হয়ে গলা ফাটাবে। ও চেয়েছিল দল বিনা দ্বিধায় খোলা মনে খেলুক।' ধোনির মাঠে ফেরা প্রসঙ্গে ধোঁয়াশা অব্যাহত রেখেছিলেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ। হাসি বলেন, 'আশা করছি ও দ্রুত মাঠে ফিরবে। সেটা ঠিক কবে এখনও জানি না, তবে ও সম্পূর্ণ ফিট হয়ে উঠছে। রানিং স্পিড বাড়ানোর চেষ্টা করছে। ওর ব্যাটিং এবং উইকেট কিপিংয়ের দক্ষতা নিয়ে আমাদের কোনও প্রশ্ন নেই। শুধু রানিং বিটুইন উইকেটের গতি বাড়াতে হবে। যেদিন ও আত্মবিশ্বাস ফিরে পাবে, মনে করবে পুরো ফিট, সেদিনই নামবে।' আট ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে চেন্নাই। সমসংখ্যক ম্যাচ খেলে ৪ পয়েন্ট সংগ্রহ করে ন'নম্বরে মুম্বই। দুই দলই নিজেদের শেষ ম্যাচ হেরেছে। জয়ে ফিরতে মরিয়া থাকবে দু'দলই।















