আজকাল ওয়েবডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদের পেস বোলিং কোচ বরুণ অ্যারন অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করা দুই তরুণ পেসার প্রফুল হিঙ্গে ও সাকিব হুসেনের ভূয়সী প্রশংসা করেছেন।

তাদের দু’জনেরই চারটি করে উইকেট নেওয়ার সুবাদে চলতি আইপিএলে সোমবারের আগে একটি ম্যাচও না হারা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫৭ রানের বড় জয় পায় হায়দরাবাদ।

এই দুই তরুণ বোলারকে দলে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বরুণ জানান, ম্যাচের আগে তিনি শুধু একটি কথাই বলেছিলেন, ফল নিয়ে না ভেবে খেলা উপভোগ করতে।

আর সেটাই দলের সাফল্যের চাবিকাঠি হয়ে দাঁড়ায়। বরুণ বলেন, ‘আমার একটাই পরিকল্পনা ছিল। আমি বারবার ওদের বলেছিলাম, ওরা যেন খেলা উপভোগ করে। জীবনে একবারই অভিষেক হয়। ওরা যেখান থেকে এসেছে, আজ যা করেছে তা সত্যিই বড় ব্যাপার। আমি শুধু বলেছিলাম, যদি দেখি ওরা ম্যাচ উপভোগ করছে না, তাহলে আমি খুব রেগে যাব। কিন্তু ওরা সত্যিই উপভোগ করেছে, আমরা সবাই করেছি।’

তিনি আরও জানান, বৈভব সূর্যবংশীর উইকেট নেওয়ার ক্ষেত্রে প্রফুলের আত্মবিশ্বাস ছিল অসাধারণ। ম্যাচের আগে তাদের কথোপকথন নিয়ে বরুণ বলেন, ‘প্রফুল্ল বলেছিল রাউন্ড দ্য উইকেটে বল করতে চায় বৈভবকে।

আমি বলেছিলাম, ‘না, তুমি সোজা লাইনেই বল করো। তুমি ওকে আউট করতে পারবে।’ তিনি যোগ করেন, ‘এটা টিম গেম। তবে শেষ পর্যন্ত কৃতিত্ব প্রফুলেরই। ওর বিশ্বাস ছিল কারণ ও আগেও বৈভবকে আউট করেছে, আজও করবে। পরিকল্পনাটা ওরই ছিল, আত্মবিশ্বাসও ওরই, আর আমি ওর জন্য খুব খুশি।’

উল্লেখ্য, অভিষেক ম্যাচেই স্বপ্নের পারফরম্যান্স করেন প্রফুল হিঙ্গে। ইনিংসের প্রথম ওভারেই তিনটি উইকেট নিয়ে আইপিএলের ইতিহাসে নজির গড়েন তিনি। চার ওভারে ৪ উইকেট দিয়ে ৩৪ রান দেন তিনি।

অন্যদিকে, ট্রাভিস হেডের বদলি হিসেবে ‘ইমপ্যাক্ট সাব’ হয়ে নামা সাকিব হুসেন ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন। তিনি ওপেনার যশস্বী জয়সওয়ালকে আউট করার পাশাপাশি রাজস্থানের লোয়ার অর্ডার ব্যাটিং লাইনআপ ভেঙে দেন।

এই দুই বোলারের দুর্দান্ত পারফরম্যান্সে ২১৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভারে মাত্র ১৫৯ রানে অলআউট হয়ে যায় রাজস্থান রয়্যালস। ফলে মরশুমে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।