আজকাল ওয়েবডেস্ক: টি-২০ তে নেতৃত্ব দিতে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে? বর্তমান পরিস্থিতি তেমনই ইঙ্গিত দিচ্ছে। আইপিএলে একমাত্র দল হিসেবে এখনও পর্যন্ত অপরাজিত পাঞ্জাব কিংস। যার নেতৃত্বে শ্রেয়স। ব্যাট হাতেও রানের মধ্যে আছেন। তাই বোর্ডের অন্দরমহলে ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে। ৩০-৩৫ জন প্লেয়ারকে নিয়ে দুটো টি-২০ দল গড়ার ভাবনাচিন্তা করছে বিসিসিআই। যাতে একই সঙ্গে দুটি প্রতিযোগিতামূলক দল গড়া যেতে পারে। চলতি বছর বেশ কয়েকটা টি-২০ টুর্নামেন্ট আছে। এশিয়ান গেমসের সঙ্গে একই সময় রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি-২০ সিরিজ।

বিসিসিআইয়ের এক কর্তা বলেন, 'এশিয়ান গেমস এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি-২০ সিরিজ একই সময় আছে। তাই আমাদের দুটো টি-২০ দল গড়তে হবে। তাই ৩০-৩৫ জনের ক্রিকেটারের পুল তৈরি করার কথা ভাবা হচ্ছে। যারা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে পারবে। আসন্ন আয়ারল্যান্ড সফরের জন্য বড় দল গড়া হবে। যা এশিয়ান গেমস পর্যন্ত চলবে।' ২০২৮ অলিম্পিকেও অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। তাই সবকিছু মাথায় রেখে একইসঙ্গে ভারতের দুটি টি-২০ দল গঠন করার ভাবনায় বোর্ড। আসন্ন আয়ারল্যান্ড সফরকে পরীক্ষা হিসেবে নেওয়া হবে। এশিয়ান গেমসের কথা ভেবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হতে পারে। এছাড়াও সেপ্টেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। যদিও সূচি এখনও নির্ধারিত হয়নি। তবে আইপিএলের পারফরম্যান্সের ওপর নির্ভর করে কয়েকজন নতুন প্রতিভাকে সুযোগ দেওয়া হতে পারে। ব্যাটারদের মধ্যে আছেন বৈভব সূর্যবংশী, যশস্বী জয়েসওয়াল, প্রিয়াংস আর্য, অঙ্গকৃষ রঘুবংশী। এছাড়াও নজর কেড়েছেন রজত পতিদার এবং আয়ুশ বাদোনি। 

অলরাউন্ডারদের মধ্যে নির্বাচকদের নজর রয়েছে শশাঙ্ক সিং এবং অনুকূল রায়ের দিকে। বোলারদের মধ্যে বিবেচনা করা হতে পারে রবি বিষ্ণোই, খলিল আহমেদ, প্রসিদ্ধ কৃষ্ণ, অশোক শর্মা এবং কার্তিক ত্যাগীর নাম। উইকেটকিপারদের মধ্যে একনম্বরে রয়েছেন ধ্রুব জুরেল। এই দলকে নেতৃত্ব দিতে পারেন শ্রেয়স আইয়ার। এখন সাড়া বছর ধরে ক্রিকেট চলে। তারমধ্যে বেড়েছে টি-২০ টুর্নামেন্টের সংখ্যা। এই কারণেই এমন ভাবনায় বোর্ড। আইপিএল চলাকালীন বোর্ডের এই বার্তায় উদ্বুদ্ধ হবে তরুণ ক্রিকেটাররা। শুধুমাত্র ১৫ জন ক্রিকেটার নয়, ৩৫ জন ক্রিকেটারের খোঁজে বোর্ডের নির্বাচকরা। ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর নেতৃত্বে সদ্য টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। কিন্তু ভবিষ্যতের কথা ভাবছে বিসিসিআই। আগে তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে শুভমন গিলের কথাও ভাবা হয়েছিল। কিন্তু আইপিএলে অধিনায়ক হিসেবে সবসময়ই নজর কেড়েছেন শ্রেয়স। তিনটি বিভিন্ন দলকে ফাইনালে তোলেন। তারমধ্যে চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও তাঁর নেতৃত্বে দিল্লির পর গতবছর পাঞ্জাবও আইপিএলের ফাইনালে ওঠে। এবছরও একমাত্র দল হিসেবে অপরাজিত পাঞ্জাব। তাই বোর্ডের র‍্যাডারে চলে এসেছেন শ্রেয়স।