আজকাল ওয়েবডেস্ক: অদ্ভুত পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্স। ১০ ম্যাচের মধ্যে মাত্র তিনটে জিতে টেবিলের নবম স্থানে। প্লে অফের যোগ্যতা অর্জন করতে বাকি ম্যাচে জিততেই হবে। তারই মধ্যে বড় ধাক্কা খায় মুম্বই। চোট রয়েছে হার্দিক পাণ্ডিয়ার। আরসিবি ম্যাচের জন্য বুধবার রায়পুর পাড়ি দেয় মুম্বই ইন্ডিয়ান্স দল। সেই দলের অঙ্গ ছিলেন না হার্দিক। পিঠের চোটের জন্য লখনউয়ের বিরুদ্ধে খেলতে পারেননি মুম্বই অধিনায়ক। তাঁর বদলে মুম্বইকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। কিন্তু একটি রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের যে দল ট্রাভেল করেছে, তাতে ছিলেন না স্কাইও। যদি কোহলিদের বিরুদ্ধে দু'জনকে না পাওয়া যায়, সেক্ষেত্রে কি দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা? 

একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, রবিবার আরসিবি ম্যাচে সূর্যকেও পাবে না মুম্বই। পরের ম্যাচের আগে পাঁচদিন সময় রয়েছে। তাই দুই ধাপে রায়পুর যাবে মুম্বই দল। তবে হার্দিকের চোট গুরুতর নয়। কিন্তু কোনও ঝুঁকি নেওয়া হয়নি। লখনউ ম্যাচে তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। মুম্বই এবং রায়পুরের মধ্যে ফ্লাইট কম। তাই বুধবার পুরো দল ট্রাভেল করলে, বৃহস্পতিবার অনুশীলন করা সম্ভব হত না। সেই কারণেই হয়ত দুই দলে ভাগ করে পাঠানো হচ্ছে। তবে হার্দিক এবং সূর্যকুমার শেষপর্যন্ত খেলাতে না পারলে কি হবে,সেটা সময়ই বলবে। 

মুম্বইয়ের নেতাকে নিয়ে জল্পনা তুঙ্গে। একটি রিপোর্ট অনুযায়ী, হার্দিককে নিয়ে কোনও সমস্যা নেই ম্যানেজমেন্টের। তাঁর নেতৃত্বকে মুম্বইয়ের ব্যর্থতার কারণ হিসেবে দেখছে না। বরং মনে করা হচ্ছে, মুম্বই টুর্নামেন্টের নতুন ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারছে না। ব্যাটারদের থেকে শুরুতেই সেই আগ্রাসী ব্যাটিং পাওয়া যাচ্ছে না। বোলাররাও পাওয়ার প্লে এবং ডেথ ওভারে উইকেট পাচ্ছে না। এমন পরিস্থিতিতে পরের মেগা নিলামের আগে কোন প্লেয়ারকে ছেড়ে দেওয়া উচিত প্রসঙ্গে, হার্দিকের নাম নেন সাইমন ডুল। তিনি বলেন, 'পরের বছর মুম্বইয়ের অধিনায়ক কে? যদি কোনও পরিবর্তন করা হয়, তাহলে পরের অধিনায়ক কে হবে? যদি সেটা হার্দিক পাণ্ডিয়া না হয়, তাঁকে ছেড়ে দেওয়া উচিত। গত তিন বছরে ওর দল ভাল খেলতে পারছে না। তাই ভেবে দেখা উচিত।' নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা মনে করছেন, নেতৃত্বের চাপ কমলে আবার স্বমহিমায় পাওয়া যাবে তারকা অলরাউন্ডারকে।