আজকাল ওয়েবডেস্ক:‌ মুম্বই ইন্ডিয়ান্সের আগামী দুটো ম্যাচে খেলতে পারবেন না রোহিত শর্মা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আরসিবির বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রোহিত। জানা গিয়েছে, বৃহস্পতিবার পাঞ্জাব কিংস ও আগামী সোমবার গুজরাট টাইটান্স ম্যাচে রোহিতের খেলা অনিশ্চিত।


প্রসঙ্গত, আইপিএলে এবার রোহিত এখনও অবধি চার ম্যাচে ১৩৭ রান করেছেন। গড় ৪৫.‌৬৭। এটা ঘটনা, মুম্বইয়ের অবস্থা এবার ভাল নয়। প্রথম ম্যাচ জিতলেও তারপর টানা তিনটি ম্যাচ হারতে হয়েছে। যা তাদের ১৪ বছরের লজ্জার রেকর্ড ভেঙে দিয়েছে। 


সবচেয়ে বড় কথা বুমরা ছন্দে নেই। বয়স হয়ে গিয়েছে ট্রেন্ট বোল্টের। এই অবস্থায় রোহিতের ছিটকে যাওয়াটা হার্দিক পাণ্ডিয়াদের জন্য বড় ধাক্কা। 

এদিকে, মার্চের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন সঞ্জু স্যামসন। টি–২০ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের এই স্বীকৃতি দিল আইসিসি। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন স্যামসন। 


এটা ঘটনা, টুর্নামেন্টের শুরুর দিকে সুযোগ পাননি সঞ্জু। তারপর প্রথম একাদশে জায়গা পান। আর তাতেই করেন বাজিমাত। এই খেতাব পাওয়ার পর স্যামসন বলেছেন, ‘‌আইসিসির সেরা ক্রিকেটারের খেতাব পাওয়াটা সত্যিই অসাধারণ অনুভূতি। টি–২০ বিশ্বকাপ জয়ে আমারও একটা ছোট্ট অবদান ছিল। সেই জয়ের অংশ হতে পেরে গর্বিত।’‌ সঞ্জু আরও যোগ করেছেন, ‘‌ভারতীয় ক্রিকেটের জন্য সময়টা সত্যিই দারুণ যাচ্ছে। দলে অসাধারণ সব প্রতিভা রয়েছে। দলের সাপোর্ট স্টাফ থেকে সতীর্থরা আমার উপর ভরসা রেখেছেন। তার জন্য কৃতজ্ঞ। এটাই আমাকে সেরাটা দিতে সাহায্য করেছে।’‌

টি–২০ বিশ্বকাপে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৯৭ করেছিলেন স্যামসন। মাত্র তিন রানের জন্য শতরান পাননি। এরপর সেমিফাইনালে করেন ৮৯। ফাইনালেও করেন ৮৯। টুর্নামেন্টে রান ২৭৫। 

এদিকে মার্চের সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন নিউজিল্যান্ডের মেলি কের।