আজকাল ওয়েবডেস্ক: শনিবার থেকে শুরু আইপিএল। পরের দিনই ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। আগের বছর রোহিত শর্মাকে বেশিরভাগ ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ারের ভূমিকায় দেখা যায়। কিন্তু এবছর যাতে তার পুনরাবৃত্তি না ঘটে, তার আগাম সতর্কবার্তা মহম্মদ কাইফের। বরং, মাঠে রোহিতকে পুরোপুরি ব্যবহার করার পরামর্শ দেন। মনে করছেন, শুধুমাত্র 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে তাঁকে আটকে রাখা উচিত না। গতবছর ব্যাটার হিসেবে ভূমিকা পালন করেন। কিন্তু দলকে নেতৃত্ব দেওয়া রোহিতের সহজাত প্রবণতা। যার থেকে সুবিধা পেতে পারতেন হার্দিক পাণ্ডিয়া। ভূমিকা বদলে গেলেও ১৫ ম্যাচে ৪১৮ রান করেন হিটম্যান। গড় ২৯.৮৬। স্ট্রাইক রেট ১৪৯.২৯।
কাইফের ধারণা, রোহিতের ভূমিকা ছেঁটে ফেলায় সমস্যায় পড়ে মুম্বই ইন্ডিয়ান্স। বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তে। কোয়ালিফায়ার টুর প্রসঙ্গ তোলেন। শ্রেয়স আইয়ারের ম্যাচ জেতানো ইনিংসে মুম্বই ছিটকে যায়। ভারতের প্রাক্তন তারকা মনে করেন, চাপের পরিস্থিতিতে মাঠে রোহিতের থেকে সাহায্য পেতে পারতেন হার্দিক। নিজের এক্স হ্যান্ডেলে কাইফ লেখেন, ফিট রোহিতের সুবিধা নেওয়া উচিত মুম্বইয়ের। শুধুমাত্র ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো উচিত নয়। কাইফ বলেন, 'ফিট এবং রোগা রোহিত শর্মাকে মুম্বইয়ের কাজে লাগানো উচিত। ও শুধুমাত্র ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারে না। চাপের পরিস্থিতিতে মুম্বইয়ের ওকে লাগবে। অধিনায়ক হার্দিককে পরামর্শ দিতে পারবে। আগের বছর কোয়ালিফায়ারে যখন শ্রেয়স মারছিল, হার্দিকের পাশে রোহিতকে দরকার ছিল। পুরো ম্যাচ খেলানো হলে, ব্যাটার রোহিত নিজেকে আরও বেশি উজাড় করে দিতে পারবে।'
একদিন আগেই হার্দিকের হয়ে ব্যাটন ধরেন কাইফ। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপ জেতার পর মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। ভারতের প্রাক্তনী জানান, ভুল থেকে শিক্ষা নিয়ে আবার অধিনায়ক বদলের পথে হাঁটা উচিত নয় মুম্বইয়ের। কাইফ বলেন, 'আমার মনে হয় না মুম্বই ইন্ডিয়ান্সের একই ভুল করা উচিত। রোহিতকে সরিয়ে হার্দিককে আনার পর ভুগতে হয়েছে। নতুন ভূমিকায় ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে হার্দিক। গত বছর মুম্বই কোয়ালিফায়ার ২ খেলে। অধিনায়ক হিসেবে ভালই করেছে হার্দিক। সূর্যকুমার যাদব অবশ্যই একটা বিকল্প। কিন্তু রোহিত শর্মার সঙ্গে যা হয়েছে, সেটা হওয়া উচিত নয়। হার্দিক পাণ্ডিয়া গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করে ফেরার পর ওকে অধিনায়ক করা হল। বার্তা দেওয়া হয়, চ্যাম্পিয়ন অধিনায়ক বলে ওকে নেতা করা হবে। হার্দিক হট টপিক ছিল, তাই ওকে সমর্থন করা হয়। এবার সূর্যকুমার যাদব চর্চায়। পরের বছর অন্য একজন চলে আসবে। তখন কি সূর্যকে সরিয়ে দেওয়া হবে?' হার্দিকের অধীনে রবিবার আইপিএলে তৃতীয় মরশুম শুরু মুম্বই ইন্ডিয়ান্সের।















