আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফের ছাড়পত্র ঝুলছে সুতোর ওপর। একের পর এক হারে কোণঠাসা হয়ে গিয়েছে হার্দিক পাণ্ডিয়ারা। রোহিত শর্মার অনুপস্থিতিতে ব্যাটিংয়ে সমস্যা বাড়ছে। চোট সারিয়ে মাঠে ফিরতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন রোহিত শর্মা। রবিবার কসরত করতে দেখা গেল হিটম্যানকে। প্র্যাকটিসের সময় ভুলবশত একজন গ্রাউন্ডস্টাফের গায়ে বল লাগে। সবাই তাঁকে ব্যাটিং চালিয়ে যেতে বলে। চোট পাওয়া মাঠকর্মীকে নিয়ে ভাবতে নিষেধ করা হয়। কিন্তু শোনেননি রোহিত। সবকিছু ছেড়ে ছুটে যান চোট পাওয়া মাঠকর্মীর দিকে। রোহিতের হাতে মার খাওয়া মাঠকর্মী শিবন বিশ্বাস ঘটনার উল্লেখ করেন। 

তিনি বলেন, 'রোহিত শর্মা অফসাইডের নেট খুলে দিতে বলে। আমরা তাই করি। আমরা মাঠের ধারে দাঁড়িয়ে ছিলাম। আমি ধারে দাঁড়িয়ে দড়ি গোটাচ্ছিলাম। কাছাকাছির প্লেয়ারদের দিকে নজর রাখিনি। বল আমার বাঁ পায়ের হাঁটুতে এসে লাগে। রোহিত স্যার সঙ্গে সঙ্গে ছুটে আসে এবং চোট নিয়ে জিজ্ঞাসাবাদ করে। আমি ওকে ব্যাটিং চালিয়ে যেতে বলি। চিন্তা না করার কথা বলি। তাসত্ত্বেও একটা আইসপ্যাক নিয়ে চলে আসে। একজনকে দিয়ে আমার জন্য ওষুধ এবং স্প্রে পাঠায়।' যন্ত্রণাকাতর মাঠকর্মী রোহিতের সান্নিধ্য পেয়ে আপ্লুত। মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়কের সঙ্গে হ্যান্ডশেক করতে পেরে খুশিতে ডগমগ শিবন বিশ্বাস। তাঁর কাছে ক্ষমাও চান রোহিত। এই প্রসঙ্গে শিবন বিশ্বাস বলেন, 'মিশ্র অনুভূতি ছিল। হাঁটুতে যন্ত্রণা হচ্ছিল। কিন্তু রোহিত স্যারের সঙ্গে হাত মেলাতে পেরে খুশি।' 

তারকাখচিত দল সত্ত্বেও গত তিন মরশুম ধরে সাফল্য পায়নি মুম্বই। ২০২৪ আইপিএলে লাস্টবয় হয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। গত বছর দ্বিতীয় কোয়ালিফায়ারে হারে। চলতি মরশুমে মুম্বই এখনও মোমেন্টাম পায়নি। নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা সাইমন ডুল মনে করেন, এই ব্যর্থতার দায় শুধুমাত্র অধিনায়ক এবং প্লেয়ারদের দেওয়া উচিত নয়। দাবি, মুম্বইয়ের এই হালের জন্য দায়ী ম্যানেজমেন্টও। ডুল বলেন, 'গত তিন বছরে যা হয়েছে, তার জন্য ম্যানেজমেন্ট সমানভাবে দায়ী। একবছর খারাপ যেতেই পারে। কিন্তু এই দল গত ১৯ বছরে পাঁচবার আইপিএল জিতেছে।' সোমবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামবে মুম্বই।