আজকাল ওয়েবডেস্ক: ২৫ কোটির ভার বহন করছেন তিনি। গতবার তিনি ফ্লপ ছিলেন। প্রাক্তন ক্রিকেটাররা বলছেন, এবার সব থেকে বেশি চাপে থাকবেন তিনিই। সেই ঋষভ পন্থ কিন্তু আইপিএল যুদ্ধে নামার আগে নিজেকে প্রস্তুত করছেন যুবরাজ সিংয়ের কোচিংয়ে।
পন্থকে নিয়ে কৌতূহলী সবাই। পন্থের কাছ থেকে রান চাইছেন প্রত্যেকে। পন্থকে এবার কঠিন পরীক্ষায় বসতে হবে। ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কত্বও মাইক্রোস্কোপের নীচে।
সাম্প্রতিককালে সাদা বলের ফরম্যাটে পন্থের ফর্ম কিন্তু পড়তির দিকেই। ভারতের ওয়ানডে দলে ব্যাক-আপ উইকেটকিপার হিসেবেই থাকছেন তিনি। গত সাড়ে তিন বছরে মাত্র একবারই সুযোগ পেয়েছেন পন্থ। এছাড়া, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে টি-টোয়েন্টি ফরম্যাটেও তিনি নিজের জায়গা হারিয়েছেন। এখন ঈশান কিশান এবং সঞ্জু স্যামসনকে দেওয়া হচ্ছে অতিরিক্ত গুরুত্ব। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে ঈশান কিষান ও সঞ্জু স্যামসন কিন্তু দলের প্রাণভোমরা হয়ে গিয়েছেন। পন্থকে দলে ঢুকতে হলে অবিশ্বাস্য কিছু করতে হবে এবারের আইপিএলে।
শুভমন গিল, অভিষেক শর্মার মতো ক্রিকেটারদের মেন্টর হিসেবে কাজ করেছেন যুবি। এবার পন্থকে নিয়ে ঘাম ঝরাচ্ছেন দেশের অন্যতম সেরা ম্যাচ উইনার। পাঠানের মতে, অনুশীলনে প্রযুক্তিগত পরিবর্তনের থেকে মানসিক দিকের উপরেই বেশি জোর দেওয়া হচ্ছে।
নিজের ইউটিউব চ্যানেলে পাঠান বলেছেন, ''ঋষভ পন্থের পাওয়ারপ্লেতে ব্যাট করতে নামা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিকোলাস পুরান তিন নম্বরে ব্যাট করেছে, কিন্তু পন্থকে তিন নম্বরেই স্থায়ীভাবে খেলানো উচিত, যাতে পাওয়ারপ্লেতে ব্যাট করার সুযোগ পায়। আমি যুবির সঙ্গে কথা বলেছিলাম। যুবি আমাকে বলেছিল, পন্থের টেকনিক্যাল দিকের থেকে মানসিক দিক নিয়েই কাজ করেছে। ৩-৪ ঘণ্টার সেশন শুধু কথোপকথনের জন্যই নির্ধারিত ছিল।''
নেতৃত্বের দিক থেকেও পন্থ কিন্তু নজর কাড়তে পারেননি গতবারের আইপিএলে। তাঁকে প্রায়ই মাঠে উত্তেজিত আলোচনায় জড়াতে দেখা গিয়েছে। হয়তো চাপের জন্যই মাঠে প্রতিফলন পড়েছে। পন্থের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন ফ্যাফ ডু প্লেসিস। পাঠানের বিশ্বাস, পন্থ কিন্তু সাফল্য এনে দিতেই পারেন। পাঠান বলেন, ''ঋষভ পন্থের উপরে দায়িত্ব থাকবে। দলকে প্লে-অফে তুলতে পন্থ কী করে, সেটাই দেখার। এখনও পর্যন্ত যা দেখেছি, তাতে মনে হচ্ছে পন্থ বেশ ফিট এবং মনোযোগী। যুবির সঙ্গে ৪-৫ দিন সময় কাটিয়েছে যুবরাজ। শেখাগুলো মাঠে কীভাবে প্রয়োগ করে, সেটাই দেখার। গতবার পন্থকে দেখে মনে হয়েছিল ও চাপে রয়েছে। মনে হয়েছে ক্রিকেট উপভোগ করছে না। ওকে ক্রিকেটটা উপভোগ করতে হবে।''
পাঠান আরও বলেন, ''ঋষভ পন্থ আইপিএলে ভাল করেছে। ওর গড় ৩৪ এবং স্ট্রাইক রেট প্রায় ১৫০। মোট রান ৩৫০০। এগুলোই প্রমাণ করে যে পন্থ আইপিএলে আধিপত্য দেখিয়েছে। পারফরম্যান্স আছে, ম্যাচ জেতানো ইনিংস আছে, কিন্তু সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।'' পন্থের দিকেই এবার সবার নজর থাকবে। হয়তো তিন নম্বরেই ব্যাট করবেন ঋষভ পন্থ।















