আজকাল ওয়েবডেস্ক:‌ ইডেনে আর কিছুক্ষণ পরেই শুরু হবে কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচ। কিন্তু সেই ম্যাচ যথাসময়ে শুরু হবে তো?‌ আশঙ্কা দেখা দিয়েছে। কারণ সোমবার কলকাতায় বিকেল থেকে সন্ধের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস এমনই।


এটা ঘটনা, গতবছরও ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে নাইটদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। এবারও পাঞ্জাব ম্যাচের উপর পড়তে পারে বৃষ্টির থাবা।


হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহভর ঝড়বৃষ্টির দাপট চলবে। রবিবার বৃষ্টি হয়েছে কলকাতার একাধিক এলাকায়। সেই একই দৃশ্য সোমবারও দেখা যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার কলকাতায় বিকেল বা সন্ধেয় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে ম্যাচ ভেস্তে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। 


এটা ঘটনা, আইপিএলের নিয়ম বলছে, বৃষ্টি হল এক ঘণ্টা পর্যন্ত পিছোতে পারে খেলা। অর্থাৎ, রাত সাড়ে আটটা পর্যন্ত অপেক্ষা করা হবে পুরো ম্যাচের জন্য। তার পর থেকে ওভার কমতে শুরু করবে। সর্বনিম্ন পাঁচ ওভারের খেলা করা যেতে পারে। যা সর্বশেষ চালু করা যাবে, রাত ১০.৫৬ মিনিটে। কিন্তু তার জন্য ১০.৪১ মিনিটে টস হওয়া বাধ্যতামূলক। অর্থাৎ ১০টা ৪১ মিনিট পর্যন্তও যদি টস না হয়, তাহলে খেলা বাতিল করা হবে। 
এদিকে, জানা গেছে সোমবারের ম্যাচের জন্য সেভাবে আগ্রহও নেই। অনেক টিকিট নাকি পড়ে রয়েছে। একে সপ্তাহের প্রথম দিনে খেলা।  তার উপর বৃষ্টির সম্ভাবনা। দুয়ে মিলে ক্রিকেট ভক্তদের সেভাবে আগ্রহ নেই। তার উপর নাইটরা পরপর দু’‌ম্যাচ হেরেছে।

এদিকে, ২৫ কোটির ক্যামেরন গ্রিন ব্যর্থ এখনও পর্যন্ত। দু’‌ম্যাচে তাঁর ব্যাট গর্জে ওঠেনি। বোলিং তো করছেনই না। প্রাক্তন ক্রিকেটাররা বলতে শুরু করে দিয়েছেন গ্রিন যদি বোলিং না করেন, তাহলে ওকে দলে নেওয়ার দরকারই নেই। প্রথম দু’‌ম্যাচ হেরে বসে আছে কেকেআর। চাপ বাড়তে শুরু করে দিয়েছে নাইটদের উপরে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে কী করবেন গ্রিন? অবশ্য গ্রিনকে কি নামাবে কেকেআর ম্যানেজমেন্ট? গ্রিন দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় রভম্যান পাওয়েলকে তৈরি রাখছে কেকেআর।