আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবারও বৃষ্টি অব্যাহত। এদিকে, ইডেনে রয়েছে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ। কলকাতা বনাম লখনউ। গত সোমবার কলকাতা–পাঞ্জাব ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দু’দলই পেয়েছিল এক পয়েন্ট করে।
বুধবার বৃষ্টির জন্য ইডেনে অনুশীলন করতে পারেনি দু’দল। এখন প্রশ্ন বৃহস্পতিবারের খেলা হওয়া নিয়ে। এটা অবশ্যই কলকাতার একটা চিন্তার জায়গা। তিন ম্যাচ হয়ে গিয়েছে। এখনও জয়ের মুখ দেখেনি কেকেআর। গত সোমবার থেকে প্রতিদিন বিকেল অথবা সন্ধে থেকেই বৃষ্টি হচ্ছে কলকাতায়। সোমবারের ম্যাচ বাতিল ছাড়াও মঙ্গল এবং বুধবার কলকাতার অনুশীলন মাঝপথে বন্ধ করে দিতে হয়েছে বৃষ্টির কারণে। বৃহস্পতিবারও বৃষ্টি চলছে। সকাল থেকে। তবে হাওয়া অফিস জানিয়েছে, বিকেলের দিকে বৃষ্টির প্রকোপ কমবে। তবে ম্যাচের মাঝে ফের বৃষ্টি হতে পারে। তাই ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা তো আছেই। কিংবা হলেও ওভার সংখ্যা কমে যেতে পারে। যা অবস্থা তাতে পুরো ম্যাচ হওয়ার সম্ভাবনা কম।
এদিকে, কেকেআর শিবিরের যা খবর, তাতে বল করার মতো জায়গায় নাকি চলে এসেছেন ক্যামেরুন গ্রিন। এর পাশাপাশি সুনীল নারাইন সুস্থ হয়ে গিয়েছেন। যদিও নারাইনকে আদৌ খেলানো হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। আগের ম্যাচে রোভমান পাওয়েলকে খেলানো হয়েছিল। তিনি বল, ব্যাট কিছুই করার সুযোগ পাননি। বরুণ চক্রবর্তী সুস্থ নন। তাঁর জায়গায় নবদীপ সাইনিতেই আস্থা রাখা হবে, না কি বাড়তি স্পিনার হিসাবে কামরাকে আনা হবে, সেটাই দেখার। তবে ব্যাটিং বিভাগে কেকেআরের বদলের খুব একটা সম্ভাবনা নেই। কেকেআরের অবশ্য অন্য একটা চিন্তা রয়েছে। তা হল লখনউ পেসার মহম্মদ সামি। যিনি ইডেনকে হাতের তালুর মতো চেনেন। আগের ম্যাচ হেড ও অভিষেককে আউট করেছিলেন সামি।















