আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএলের কোনও ম্যাচই সরাসরি সম্প্রচারিত হবে না বাংলাদেশে। জানিয়ে দিয়েছে জিও হটস্টার। এর আগে মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল, কোনও অবস্থাতেই বাংলাদেশে আইপিএলের ম্যাচ সম্প্রচারিত হবে না। তবে সেই কড়া অবস্থান থেকে তারা সরে এসে জানায়, যদি কোনও সম্প্রচার সংস্থা খেলা দেখায় তো তাদের কোনও আপত্তি নেই। এবার জানা যাচ্ছে, বাংলাদেশের সম্প্রচার সংস্থা টি স্পোর্টসের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে হটস্টারের। ফলে কোনও ম্যাচই দেখা যাবে না বাংলাদেশে।


জানা গিয়েছে, আর্থিক কারণেই এই চুক্তি ভেঙে গিয়েছে। প্রসঙ্গত, এই টি–স্পোর্টসের সঙ্গেই চুক্তি ছিল জিও হটস্টারের। ২০২৩ থেকে ২০২৭ অবধি। কিন্তু এখন যা অবস্থা আইপিএল কেন বিশ্বকাপের ম্যাচও দেখতে পারবে না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। 

এদিকে, সঞ্জু স্যামসন আর রবীন্দ্র জাদেজা। যত আলোচনা এই দু’‌জনকে নিয়ে। দুইজনই শিবির বদল করেছেন দীর্ঘ কয়েক বছর পর। চেন্নাই থেকে জাদেজা গিয়েছেন রাজস্থানে। আর রাজস্থান থেকে সঞ্জু এসেছেন চেন্নাইয়ে।


এদিকে, সোমবার আইপিএলে প্রতিপক্ষ এই দুই দল। ধোনিকে আপাতত দুই সপ্তাহ অবধি পাওয়া যাবে না। যা নিয়ে সিএসকে সিইও কাশী বিশ্বনাথন বলেছেন, ‘‌হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য ধোনি নেই। তাই স্বাভাবিকভাবেই সঞ্জুই উইকেটকিপিং করবে। সঞ্জুর ফর্ম এখন দারুণ। নেটে ওকে খুব ভাল ছন্দে দেখা যাচ্ছে। আমরা আশা করছি, এই মরশুমে ও সিএসকের হয়েও দারুণ খেলবে।’‌

তবে সঞ্জুকে বাড়তি চাপ দিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। বিশ্বনাথনের কথায়, ‘‌আমরা সঞ্জুর উপর কোনও চাপ দিতে চাই না। ওর ক্ষমতা সম্পর্কে আমরা সকলেই জানি। কয়েকদিন আগে ওর সঙ্গে দেখা হয়েছে। কিন্তু প্র্যাকটিসের সময় ওকে বিরক্ত করতে চাইনি।’‌ এটা ঘটনা টি–২০ বিশ্বকাপে শুরুর দিকে খেলার সুযোগ পাননি সঞ্জু। কিন্তু শেষের দিকে সুযোগ পেয়ে দারুণ খেলেন ও সিরিজ সেরার পুরস্কার পান। 


চেন্নাইয়ে সঞ্জুর ব্যাটিং স্লট কী হবে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। তবে চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় পরিষ্কার করে দিয়েছেন, তাঁর সঙ্গে ওপেন করতে যাবেন সঞ্জু। সেই রুতুরাজকে নিয়ে সিএসকের সিইও বলেন, ‘‌আমাদের দলে রুতুরাজ গায়কোয়াড়ের মতো ক্রিকেটার রয়েছে। ও দলকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারে। আশা করি, ওর নেতৃত্ব দলকে চাঙ্গা করবে।’‌