আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছেন হার্দিক পাণ্ডিয়া। রিপোর্ট অনুযায়ী, ২০২৭ আইপিএলে নতুন অধিনায়কের অধীনে নামবে পাঁচবারের আইপিএল জয়ীরা। শোনা যাচ্ছে, হার্দিক নিজেও মুম্বই ছাড়ার বিষয়ে আগ্রহী। নতুন ফ্র্যাঞ্চাইজির খোঁজে আছেন। তারকা অলরাউন্ডারের পরবর্তী গন্তব্য কী? এমন চর্চার মাঝেই চেন্নাই সুপার কিংসকে মূল্যবান পরামর্শ সুব্রামানিয়াম বদ্রীনাথের। তিনি মনে করছেন, হার্দিককে নিয়ে মুম্বইয়ের সঙ্গে ট্রেড করা উচিত চেন্নাইয়ের। সিএসকের হয়ে খেলা ব্যাটার মনে করেন, শিবম দুবে এবং আয়ুশ মাত্রের জায়গায় হার্দিককে নেওয়া উচিত চেন্নাইয়ের।
ইউ টিউব চ্যানেলের একটি ভিডিওতে বদ্রীনাথ বলেন, 'আমি যদি মুম্বইয়ের কর্তৃপক্ষ হতাম, হার্দিকের বদলে শিবম দুবে এবং আয়ুশ মাত্রেকে নেওয়ার চেষ্টা করতাম। সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কোয়ার এবং হার্দিক পাণ্ডিয়ার ত্রয়ী, সিএসকে ব্র্যান্ডকে অন্য মাত্রায় নিয়ে যাবে। স্যামসনকেই অধিনায়ক করতে হবে, তেমন কোনও নিয়ম নেই। হার্দিক যদি অধিনায়ক হতে চায়, তাহলে আমি ওকে করে দিতাম। কারণ ওর ধোনির সঙ্গে সম্পর্ক খুব ভাল।' হার্দিকের মুম্বইয়ে ফেরা খুব একটা সুখকর হয়নি। ২০২৪ আইপিএলের আগে রোহিত শর্মার বদলে অধিনায়ক করা হয় তাঁকে। যা ভালভাবে নিতে পারেনি ফ্যানরা। হার্দিকের ভাবমূর্তিও নষ্ট হয়। এই অবস্থায় চেন্নাইয়ের মতো ফ্রাঞ্চাইজিতে যোগ দেওয়া তারকা অলরাউন্ডারের জন্য আদর্শ হবে বলে মনে করেন বদ্রিনাথ। তিনি বলেন, 'আরও তিনটে মরশুম চুটিয়ে খেলতে পারবে হার্দিক। ও চেন্নাইকে ভারসাম্য দিতে পারবে। চেন্নাই ওর ভাবমূর্তিও ফিরিয়ে দিতে পারে।'
চলতি আইপিএলে জঘন্য খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালসের কাছে গ্রুপের শেষ ম্যাচ হারের পর হার্দিক পাণ্ডিয়ার ইনস্টাগ্রাম স্টোরি দেখে অবাক ফ্যানরা। মাত্র চার জয়ে টেবিলের ন'নম্বরে শেষ করে মুম্বই। মরশুমটা ভাল যায়নি হার্দিকের। ইনজুরির পাশাপাশি ফর্মেও ছিলেন না। পরিস্থিতি এতটাই খারাপ আকার নেয়, আইপিএলের পর তাঁকে ছেড়ে দেওয়ার প্রশ্ন ওঠে। তবে এই বিষয়ে হার্দিক বা মুম্বই কিছু বলেনি। তবে ইন্টারনেটে হার্দিকের পোস্ট সবাইকে অবাক করে। ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেন তারকা অলরাউন্ডার। সেখানে একটি ল্যাপটপের ছবি। সিনেমা চলছে। পাশে একটি নোটবুক, পেন এবং মোবাইল রাখা। নজর কাড়ে মোবাইলে ডিসপ্লে হওয়া সময়। তাতে লেখা ০৭.০৭। বিষয়টিকে এমএস ধোনির সঙ্গে যুক্ত করতে সময় লাগেনি ইন্টারনেটের। গত কয়েক বছরে বিশ্ব ক্রিকেটে ৭ নম্বরের সম্পর্ক ধোনির সঙ্গে। অনেকেই মনে করেছে, এই পোস্ট ইঙ্গিতপূর্ণ। ভবিষ্যতে চেন্নাই সুপার কিংসে যেতে পারেন হার্দিক। তবে এই প্রসঙ্গে ফ্র্যাঞ্চাইজি বা খোদ মুম্বইয়ের অধিনায়ক কোনও মন্তব্য করেনি।
















