আজকাল ওয়েবডেস্ক:‌ টানা চার ম্যাচ হার। ফের জয়ের সরণীতে মুম্বই ইন্ডিয়ান্স। আপাতত হার্দিকদের ছয় ম্যাচে চার পয়েন্ট। রয়েছে সাত নম্বরে। 


সোমবার গুজরাটকে ৯৯ রানে হারিয়ে দিয়েছেন তিলক বর্মারা। দুরন্ত শতরান করেন তিলক। এদিকে, তিলক বর্মার শতরানের পাশাপাশি বল হাতে অশ্বনী কুমারের পারফরম্যান্স ছিল মনে রাখার মতো। চার ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন দলের এই বাঁহাতি পেসার। খেলা শেষে তাঁকে সাংবাদিক বৈঠকে দলের সাজঘর নিয়ে প্রশ্ন করা হলে অশ্বনী বলেন, ‘‌ড্রেসিংরুমের পরিবেশ খুব ভাল ছিল। শুধু ইতিবাচক কথা বলতাম। আমরা হারি বা জিতি, সাজঘরের পরিবেশ কখনও খারাপ হয় না। এটাই এই দলের বৈশিষ্ট্য। আমরা জানি, আমরা ফিরতে পারব। সেই বিশ্বাস আমাদের কথাতেও দেখা যায়।’‌ 


গুজরাট অধিনায়ক শুভমান গিল, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান ও রশিদ খানের উইকেট নিয়েছেন অশ্বনী। তিনি জানিয়েছেন, প্রত্যেকের জন্য আলাদা পরিকল্পনা করা হয়েছিল। অশ্বনী বলেন, ‘‌প্রত্যেকের বিরুদ্ধে আলাদা করে পরিকল্পনা করেছিলাম। কার কী শক্তি, দুর্বলতা সেটা জেনেই নেমেছিলাম। কিন্তু মাঠে নেমে পিচ দেখে অধিনায়কের সঙ্গে কথা বলি। কারণ, পরিকল্পনা থাকলেও মাঠে নেমে পরিস্থিতি অনুযায়ী বল করাটাই আসল। সেটাই করেছি। তাতে সফল হয়েছি।’‌


এটা ঘটনা, আইপিএলের শুরুতে কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পর টানা চার ম্যাচে হেরেছিল মুম্বই। প্রশ্ন উঠেছিল হার্দিকের অধিনায়কত্ব নিয়েও। কিন্তু গুজরাটের বিরুদ্ধে সব প্রশ্নের জবাব দিয়েছে মুম্বই।