আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের পর স্পষ্ট লক্ষ্য জানিয়ে দিলেন শ্রেয়স আইয়ার। এবার যেকোনও মূল্যে ট্রফি ঘরে তুলতে চান। তবে আগাম ট্রফির কথা ভেবে দিকভ্রষ্ট হতে চান না। বর্তমানে থেকে ম্যাচ প্রতি এগোতে চান। শ্রেয়স আইয়ার এবং রিকি পন্টিংয়ের যুগলবন্দিতে এবার দুর্দান্ত শুরু করেছে পাঞ্জাব কিংস। চলতি আইপিএলে একমাত্র অপরাজিত দল পাঞ্জাব। পাঁচের মধ্যে চারটে ম্যাচ জিতেছে শ্রেয়সরা। বৃষ্টিতে একটি ভেস্তে গিয়েছে। এই সাফল্যের জন্য দলের মাইন্ডসেটের কৃতিত্ব দেন। পাশাপাশি জানান, তাঁদের লক্ষ্য ধারাবাহিকতা বজায় রাখা। শ্রেয়স বলেন, 'আমাদের মিশন ট্রফি জেতা। তবে আমার সবসময় মনে হয়, আমাদের বর্তমানে থাকতে হবে। তাহলেই সবকিছু নিজেদের হাতে থাকে। এখান থেকে অলআউট ঝাঁপানো যায়। অতীতে পড়ে থাকার কোনও মানে নেই। একইসঙ্গে ভবিষ্যৎ নিয়েও অতিরিক্ত ভাবার প্রয়োজন নেই।'
বাইরে থেকে চাপ সব দলের ওপরই আসে। কিন্তু সেই নিয়ে না ভেবে নিজেদের উন্নতিতেই নজর দেয় তাঁরা। এই প্রসঙ্গে শ্রেয়স বলেন, 'মাঠে নামার পর আমি সবসময় আমার সতীর্থদের বলি, প্রতিপক্ষের সঙ্গে খেলছি ভেবো না, মনে করবে নিজেদের জন্য খেলছি। আমরা প্রতিনিয়ত উন্নতি করতে চাই। নিজেদের সেরাটা দিতে চাই।' গতবছর আইপিএল জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল পাঞ্জাব। চিন্নস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরুর কাছে ৬ রানে হারে। সেদিনের হার পাঞ্জাব দলকে আরও প্রতিজ্ঞাবদ্ধ করে তুলেছে। সম্প্রতি মুম্বইকে হারায় পাঞ্জাব। প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ১৯৫ রান তোলে মুম্বই। ৬০ বলে ১১২ রান করেন কুইন্টন ডি কক। ৫০ রান করেন নমন ধীর। ২২ রানে ৩ উইকেট নেন অর্শদীপ সিং। জবাবে ১৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়সূচক রানে পৌঁছে যায় পাঞ্জাব। ৩৯ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেন প্রভসিমরন সিং। ৩৫ বলে ৬৬ রান করেন শ্রেয়স। শুরুতে ধাক্কা খেলেও, এই জুটিতে ভর করে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।















