আজকাল ওয়েবডেস্ক: চোটের জন্য শেষ তিন ম্যাচে খেলতে পারেননি রোহিত শর্মা। তবে বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রত্যাবর্তন করতে পারেন হিটম্যান। রিপোর্ট অনুযায়ী, ট্রেনিংয়ে আরও বেশি পরিশ্রম করতে দেখা যায় রোহিতকে। তাই ধরে নেওয়া হচ্ছে, পরের ম্যাচে ফিরছেন প্রাক্তন অধিনায়ক। জিমে সময় কাটান তারকা ক্রিকেটার। কঠোর ট্রেনিংও করেন। কিন্তু ব্যথা অনুভব করেননি। যার ফলে, রোহিতের প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী ফিজিওরা। ১২ এপ্রিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত। পাঞ্জাব কিংস, গুজরাট টাইট্যান্স এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে পারেননি। 

চেন্নাইয়ের কাছে লজ্জার হারের পর রোহিতকে ফেরানোর তাগিদ বেড়ে যায় মুম্বই শিবিরের। পরের ট্রেনিং সেশনে যোগ দেন। ভাল ছন্দে পাওয়া যায়। একের পর এক স্ট্রোকও খেলেন। সেশনে তাঁর সঙ্গে যোগ দেন হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা। রোহিতের অনুপস্থিতিতে টপ অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায় মুম্বই। তাঁর পরিবর্তে নামেন কুইন্টন ডি কক। নেমেই ১১২ রান করেন। অন্যদিকে রায়ান রিকেলটনকে বাদ দেওয়া হয়। তাঁর জায়গায় নামানো হয় ২২ বছরের ড্যানিশ মালেওয়ারকে। শেষ দুই ম্যাচে খেলেন তিনি।মাত্র ২ রান করেন। এখনও সঠিক কম্বিনেশন খুঁজে পায়নি পাঁচবারের চ্যাম্পিয়নরা। রোহিতের প্রত্যাবর্তন মুম্বইয়ের শক্তি দ্বিগুণ বাড়াবে। পয়েন্ট টেবিলে নবম স্থানে আছে হার্দিকরা। সাত ম্যাচের মধ্যে মাত্র দুটো জয়। চোটের সময় মুম্বইয়ের সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন তিনি।