আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক। শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৫২ রান করেন কেএল রাহুল। দলকে রানের পাহাড়ে পৌঁছে দেওয়ার পর জানান, ক্রিকেটীয় শট খেলা লক্ষ্য ছিল তাঁর। একইসঙ্গে বিপক্ষের বোলারদের ওপর চাপ অব্যাহত রাখতে চেয়েছিলেন। রাহুল বলেন, 'আমি অবশ্যই খুশি। গরমে কাহিল হয়ে পড়েছি। দ্রুত রিকোভার করতে হবে। তাই মিশ্র প্রতিক্রিয়া। শেষের দিকে একটু কষ্ট হচ্ছিল। প্রথম ৭০-৮০ রান পর্যন্ত বাড়তি কিছু ভাবছিলাম না। আমি বাউন্ডারি মেরে বিপক্ষের বোলারদের চাপে রাখতে চেয়েছিলাম। অভিধান মেনে ক্রিকেট শট খেলা আমার শক্তি। আমি সেটাই করতে চেয়েছিলাম। ২৫০ রান পেরোনো লক্ষ্য ছিল। ইনিংসের পরের দিকে ভেবেচিন্তে শট খেলি।'
আইপিএলে তিনটে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে শতরান করার নজির গড়েন রাহুল। দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস এবং লখনউ সুপার জায়ান্টের হয়ে শতরান করেন। নীতিশ রানারও ভূয়সী প্রশংসা করেন রাহুল। জানান, তাঁর ওপর থেকে চাপ কিছুটা কমিয়ে দেয়। রাহুল বলেন, 'নীতিশ দারুণ খেলেছে। ও অন্যদিকে থাকায় আমি প্রথম ছয় ওভারেও ক্রিকেটীয় শট খেলতে পারি। আমার মনে হয়, ক্রমাগত ছয় মারার সময় বোলিং দল খুব একটা চাপে থাকে না। কারণ আউট হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু সঠিক ক্রিকেট শট খেলেও চার, ছয় মারলে, দুশোর বেশি স্ট্রাইক রেট রাখতে পারলে প্রতিপক্ষের ওপর চাপ বেড়ে যায়। আমার মনে হয়, আমরা সেটা করতে পেরেছি। তারওপর ডানহাতি-বাঁ হাতি কম্বিনেশন কার্যকরী হয়েছে। উইকেট মন্থর ছিল। তবে আমাদের কোনও অসুবিধা হয়নি। আমরা ক্রমাগত বোলারদের ওপর চাপ সৃষ্টি করতে থাকি।' তবে বিশাল রান সত্ত্বেও জয়ী দলের সদস্য হতে পারেননি রাহুল। দিল্লির বিরুদ্ধে রেকর্ড জয় তুলে নেয় পাঞ্জাব কিংস।















