আজকাল ওয়েবডেস্ক: যশপ্রীত বুমবার জন্য এবারের আইপিএলের শুরুটা ভাল হয়নি।মুম্বই পাঁচ ম্যাচ খেলে ফেললেও, এখনও একটিও উইকেট পাননি তারকা পেসার। তাঁর ফর্মের প্রভাব পড়ছে ফ্র্যাঞ্চাইজির ওপর। শেষ চার ম্যাচ জেতেনি মুম্বই ইন্ডিয়ান্স। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচেও হারে হার্দিক পাণ্ডিয়ারা। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরছে। বেঙ্গালুরু রয়েল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ম্যাচের ভিডিও। যা দেখে বুমরার মানসিক স্থিতি নিয়ে চিন্তিত ভক্তরা। সেই ভিডিওতে প্রথমে বোলিং মার্কার তুলে হতাশায় ছুঁড়ে ফেলতে দেখা যায়। তার কিছুক্ষণ পরে মাথা ঝুঁকে চিৎকার করতে দেখা যায় তাঁকে। তারপর আরও একটি মার্কারে লাথি মারেন। ছবির ব্যাকগ্রাউন্ডে টিম ডেভিডকে দেখা যায়। মুম্বইয়ের বিরুদ্ধে ছন্দে ছিলেন তিনি। ১৬ বলে ৩৪ রান করেন। ৬ উইকেটে ২৪০ রান তোলে আরসিবি। জবাবে ৫ উইকেটে ২২২ রানে শেষ হয় মুম্বইয়ের ইনিংস। 

মুম্বই ম্যাচেও উইকেট পাননি বুমরা। ৪ ওভারে ৩৫ রান দেন। সাধারণত সবসময় হাসি মুখে লেগে থাকে বুমরার। তাঁকে মাঠে হতাশা প্রকাশ করতে দেখে হতবাক ফ্যানরা। কিন্তু বিশ্বের এক নম্বর বোলারের পারফরম্যান্স গ্রাফ হঠাৎ পড়তির দিকে কেন? বিভিন্ন ব্যাখ্যা দেন ক্রিকেট পণ্ডিত থেকে বিশেষজ্ঞরা। সাধারণত পাঁচ ম্যাচে তারকা পেসারের উইকেটের খরা চলে না। মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে মনে করেন, পাওয়ার প্লেতে বাকি বোলাররা চাপ সৃষ্টি করতে পারছে না। সেটাই বুমরার উইকেট না পাওয়ার কারণ। জয়বর্ধনে বলেন, 'বুমরা ভাল বল করছে। শুধু পাওয়ার প্লেতে আমরা বিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারছি না। সবাই জানে বুমরার বিরুদ্ধে বেশি ঝুঁকি নেওয়া যাবে না। আমরা নতুন কিছু করার চেষ্টা করেছি। বুমরাও করছে। কিন্তু প্রতিপক্ষ ভাল ব্যাট করছে। উইকেট না পাওয়ার নির্দিষ্ট কোনও কারণ বলা যাবে না।' 

মুম্বইয়ের কোচ জানান, আইপিএলের শুরুতে হালকা চোট ছিল তারকা পেসারের। সেটাকেও কারণ হিসেবে দেখছেন। জয়বর্ধনে বলেন, 'বিশ্বকাপের পর বুমরার হালকা চোট ছিল। আমার মনে হয় শুরুতে সেটা প্রভাব ফেলেছে। আমরা চেয়েছি ও ধীরে ধীরে ফিটনেসের শীর্ষে পৌঁছক। শেষ কয়েকটা ম্যাচে ওর গতি বেড়েছে। আমরা ওকে পর্যবেক্ষণে রাখছি। কখনও ভাগ্যের প্রয়োজন হয়। ও শুরুর দিকে শ্রেয়সকে কয়েকটা ভাল বল দেয়। কিন্তু ভাগ্য সঙ্গ না দেওয়ায় উইকেট পায়নি। উইকেট নেওয়া শুরু করলে, হয়ত ওকে আটকানো কঠিন হয়ে যাবে।' গুজরাটের বিরুদ্ধে পরের ম্যাচ মুম্বইয়ের।