আজকাল ওয়েবডেস্ক: রাজস্থান রয়্যালস তাদের আইপিএল মরশুম শুরু করেছে দুর্দান্তভাবে। সোমবার গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে মাটি ধরিয়েছে রাজস্থান। ম্যাচে নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী। নজর কেড়ে নিয়েছেন রবীন্দ্র জাদেজাও। উইকেট নেওয়ার পরে জাদেজার  উদযাপন নিয়ে চর্চা হয়। সিএসকে অলরাউন্ডার শিবম দুবেকে আউট করার পর জাদেজা ‘গান’ সেলিব্রেশন করেন।

ম্যাচ শেষে, সুরেশ রায়না এবং অনিল কুম্বলে রাজস্থান রয়্যালসের তারকা জাদেজাকে জিজ্ঞাসা করেন, ''জাড্ডু, এটা কি নতুন সেলিব্রেশন?''

জবাবে রাজস্থান রয়্যালসের তারকা বলেন, ''আমি যখন সিএসকে হয়ে খেলতাম, তখন থেকেই এই সেলিব্রেশনটা করতাম। ভাবলাম আবার চালু করা যাক।'' তিনি আরও বলেন, ''আমি জানতাম শিবম দুবে প্রথম বল থেকেই স্পিনারদের মারতে চায়। এটা আমার মাথায় ছিল। কিন্তু একই সঙ্গে দুবে ভাবছিল যে, যদি ওর উইকেট পড়ে যায়, তাহলে সিএসকে-র মিডল অর্ডার ভেঙে যাবে। আমি শুধু ইতিবাচক মানসিকতা নিয়ে বল করতে চেয়েছিলাম।'' 
সোমবার গুয়াহাটিতে মহেন্দ্র সিং ধোনি-হীন চেন্নাই সুপার কিংসকে ১২৭ রানে মুড়িয়ে দেয় রাজস্থান রয়্যালস। রান তাড়া করতে নেমে রাজস্থান ১২.১ ওভারে ম্যাচ জিতে নেয়। ১৭ বলে ৫২ রানের মারমুখী এক ইনিংস খেলেন সূর্যবংশী। খেলা চলাকালীন তাঁর ও যশস্বী জয়সওয়ালের মধ্যে কী কথা চলছি, তা নিয়ে চর্চা চলে। দু'জনের কথোপকথনের বিষয়বস্তু জানান বৈভব স্বয়ং।

চেন্নাইয়ের বিরুদ্ধে বৈভব মাত্র ১৫ বলে পঞ্চাশ করেন। যা আইপিএলে রাজস্থানের হয়ে দ্বিতীয় দ্রুততম পঞ্চাশ। বাঁ হাতি এই ব্যাটসম্যান ১৭ বলে চারটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৫২ রান করেন। 
পাওয়ারপ্লেতে যত বেশি সম্ভব রান তোলাই ছিল রাজস্থানের পরিকল্পনা। বৈভব বলেন, ''পরিকল্পনা ছিল পাওয়ারপ্লেতে দ্রুত রান করা। শুরুতে উইকেটে বল একটু থেমে আসছিল, কিন্তু পরে ব্যাটিং সহজ হয়ে যায়।'' এদিকে খেলার শেষে খালিল আহমেদের জার্সিতে থাকা সিএসকে লোগোয় জাদেজার চুম্বন করার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেককেই আবেগাপ্লুত করে তোলে।

?ref_src=twsrc%5Etfw">March 30, 2026

ম্যাচের পর চেন্নাই থেকে রাজস্থানে যোগ দেওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে জাদেজা বলেন, ''শুরুতে একটু কঠিন ছিল, কারণ আমি প্রায় ১২–১৩ বছর চেন্নাইয়ের হয়ে খেলেছি, তাই স্বাভাবিকভাবেই এটা একটা আবেগঘন সময় ছিল। কিন্তু পরে আমি ভাবলাম, এটাও জীবনেরই একটি অংশ। আর ভাল ব্যাপার হলো, আমি সেই দলে ফিরেছি যে দলের হয়ে আমি আমার প্রথম আইপিএল শিরোপা জিতেছিলাম।''