আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মধ্যে নতুন বিতর্কে জড়িয়েছে রাজস্থান রয়্যালস। রিয়ান পরাগের দলের টিম ম্যানেজার রোমি ভিন্দর এবার ব্যানের মুখে পড়তে পারেন। গুয়াহাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায় তাঁকে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

টিভি ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য প্রথমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ফুটেজে দেখা যায়, ভিন্দরের পাশে রয়েছেন তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ওই ম্যাচে ছয় উইকেটে জয় পায় রাজস্থান।

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্তা নিশ্চিত করেছেন, ভিন্দর ‘প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া’-র নিয়ম ভেঙেছেন। এই নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

বিসিসিআইয়ের ওই সূত্র জানিয়েছে, ‘ভিন্দর আইপিএলে কোড অফ কন্ডাক্টের নিয়ম ভেঙেছেন। ম্যাচ চলাকালীন ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ।’

তবে ওই সূত্র আরও জানিয়েছে, ঘটনাটি অনিচ্ছাকৃতও হতে পারে। তবুও এটি নিয়মভঙ্গের শামিল। ফলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। সতর্কবার্তা থেকে শুরু করে ম্যাচ নিষেধাজ্ঞা, যে কোনও পদক্ষেপই নেওয়া হতে পারে। ম্যাচ রেফারি ও অ্যান্টি-করাপশন ইউনিটের রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইপিএল গভর্নিং কাউন্সিল।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যায়, ম্যাচের ১১-তম ওভারের সময় ভিন্দর ডাগআউটে বসে ফোন ব্যবহার করছেন এবং তাঁর পাশে বসেছিলেন রাজস্থানের ১৫ বছর বয়সী তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী।

অভিযোগ, এই সময়ে ফোনের স্ক্রিনে অন্য ক্রিকেটাররাও নজর দেন। আইপিএলের পিএমওএ প্রোটোকল ২০২৬ অনুযায়ী, টিম ম্যানেজাররা ড্রেসিং রুমে ফোন ব্যবহার করতে পারেন, কিন্তু ডাগআউটে ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

নিয়মে আরও বলা হয়েছে, নির্দিষ্ট কিছু সদস্য ছাড়া পিএমওএ এলাকায় মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অনুমতি নেই। ঘটনাটি সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে ক্রিকেট মহলে ও সোশ্যাল মিডিয়ায়।

এক আইপিএল কর্মকর্তা সংবাদমাধ্যমে জানান, বিষয়টি গুরুতর এবং তদন্তের পরই সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন।

তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইপিএল অ্যান্টি করাপশন ইউনিটের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে আইপিএল গভর্নিং কাউন্সিলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষা করা হচ্ছে। রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু—দুই ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।