আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের জন্য সুখবরই বলা যায়। মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে জানিয়েছেন যে জশপ্রীত বুমরাহ আবার দলে ফিরে এসেছেন এবং আইপিএল ২০২৬-এ খেলতে প্রস্তুত।
এই খবরটি মুম্বই ইন্ডিয়ান্সের সাজঘরকে তরতাজা করেছে। কারণ মুম্বই এবার ষষ্ঠ আইপিএল শিরোপা জেতার লক্ষ্যে অভিযান শুরু করছে ২৯ মার্চ। রবিবার মুম্বইয়ের সামনে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএল ২০২৬-এর শুরুতে বুমরাহর খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বুমরাহকে দলের সঙ্গে আর দেখা যায়নি। বিশ্বকাপে বুমরাহর ঝুলিতে ছিল ১৪টি উইকেট। যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। বিশ্বকাপজয়ী দলের অন্য সদস্যরা মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেও, বুমরাহ গিয়েছিলেন বিসিসিআই-এর সেন্টার অফ এক্সলেন্সে।
অনেকেই ধরে নিয়েছিলেন চোট সমস্যার জন্য সেন্টার অফ এক্সলেন্সে গিয়েছেন বুমরাহ। সেই জল্পনা দ্রুতই নস্যাৎ করে দেওয়া হয়েছে। বুমরাহ নির্ধারিত ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে সেখানে ছিলেন। ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই-এর মেডিক্যাল দল বুমরাহর জন্য বিশেষভাবে তৈরি ফিটনেস প্রোগ্রাম নির্ধারণ করেছে, যাতে তিনি জুলাইয়ে ইংল্যান্ডে ভারতের গুরুত্বপূর্ণ সাদা বলের সিরিজে সেরা ফর্মে থাকতে পারেন।
মুম্বই কোচ জয়বর্ধনে বলেন, ''জাস্সি দলে ফিরে এসেছে। খেলতে প্রস্তুত।''
বুমরাহ ছাড়াও, উইল জ্যাকস, মিচেল স্যান্টনারদের পাচ্ছেন না মাহেলা। তাঁরা দলের সঙ্গে যোগ দেননি। জয়বর্ধনে বলেন, টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর আগে ও পরে টানা ক্রিকেট খেলার কারণে এটি স্বাভাবিক এবং তাঁরা এর জন্য প্রস্তুত ছিলেন।
জয়বর্ধনে বলেন, ''বিশ্বকাপের আগে প্রস্তুতি খুবই কঠিন ছিল। অনেক ক্রিকেট খেলতে হয়েছে। বিশ্বকাপের আগে কয়েকটি টেস্ট সিরিজও চলছিল। এরপর ছিল একাধিক দ্বিপাক্ষিক সিরিজ। বিশেষ করে বোলারদের ক্ষেত্রে অতিরিক্ত বিশ্রামের দরকার ছিল। আর বিশ্বকাপ নিজেই ছিল অত্যন্ত চাপের। তাই এসব পরিস্থিতি হওয়াই স্বাভাবিক, এবং আমরা আগেই জানতাম আইপিএলে এমনটা হতে পারে। আমাদের শুধু সেটাকে সামলাতে হবে।''
আইপিএলে নাইটদের বিরুদ্ধে বুমরাহর দুর্দান্ত রেকর্ড রয়েছে। ১৮টি ম্যাচে তিনি নিয়েছেন ২৫টি উইকেট। রবিবার তিনি খেল দেখান সেটাই দেখার।
















