আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে ইতিহাস গড়লেন শুভমান গিল। রবিবার লখনউয়ে আইপিএলের ম্যাচে খেলতে নেমে তিনি সবচেয়ে কম বয়সে ৪০০০ রান পূর্ণ করা ব্যাটারের রেকর্ড গড়লেন।

২৬ বছর ২১৬ দিনে এই মাইলফলক ছুঁয়ে তিনি ভেঙে দিলেন বিরাট কোহলির পুরনো রেকর্ড। বিরাট ২০১৬ সালে ২৭ বছর ১৯৫ দিনে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

রবিবার লখনউয়ে একানা ক্রিকেট স্টেডিয়ামে গুজরাট টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টসের ম্যাচে এই নজির গড়েন গিল। রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচে গিল ৪০ বলে ৫৬ রানের একটি দারুণ ইনিংস খেলেন।

তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা। শুরুতে কিছুটা সাবধানে খেললেও ধীরে ধীরে আক্রমণাত্মক মেজাজে ধরা দেন তিনি। বিশেষ করে মহাম্মদ সামির বোলিংয়ে তাঁর একাধিক আকর্ষণীয় শট নজর কেড়েছে ক্রিকেট ভক্তদের।

রান তাড়া করতে নেমে দ্বিতীয় উইকেটে জস বাটলারের সঙ্গে ৮৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন গিল। বাটলার ৩৭ বলে ৬০ রান করে দলকে জয়ের পথে এগিয়ে দেন।

দু’জনে মিলে স্ট্রাইক রোটেট করে ইনিংস সচল রেখেছিলেন। চাপের মুখে উইকেটও দেননি দুই তারকা ব্যাটার। রান আটকাতে না পেরে উল্টোদিকে চাপে পড়তে হয় লখনউকে।

কিন্তু প্রিন্স যাদবের একটি বাউন্সারে আউট হতে হয় গিলকে। যাদবের বোলিংয়ে উইকেটের পিছনে ক্যাচ নেন ঋষভ পন্থ। কিছুক্ষণের মধ্যেই বাটলারও আউট হয়ে যান। এরপর ওয়াশিংটন সুন্দর ও রাহুল তেওয়াতিয়ার জুটি দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়।

তখনও গুজরাটের হাতে ছিল ৮টি বল। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে গুজরাট টাইটান্স। বর্তমানে তাদের নেট রান রেট -০.০২৯। আগামী ১৭ এপ্রিল নিজেদের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে তারা।