আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে বিতর্কিত আউটের জেরে জরিমানার মুখে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশী।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে নিজের আউট নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখানোর কারণে নাইট তারকা রঘুবংশীর ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।
পাশাপাশি তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
আইপিএল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রঘুবংশী লিগের আচরণবিধির ২.২ ধারার আওতায় লেভেল ১ অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।
এই ধারাটি মূলত ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম বা মাঠের পরিকাঠামো নষ্টের সঙ্গে সম্পর্কিত। রঘুবংশী নিজেও এই অপরাধ স্বীকার করে নিয়েছেন।
ঘটনাটি ঘটে কেকেআরের ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা। তখন তিনি ৭ বলে ৯ রানে ব্যাট করছিলেন। প্রিন্স যাদবের বল ঠেলে দ্রুত রান নিতে যান তিনি।
কিন্তু নন-স্ট্রাইকার প্রান্তে থাকা সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝির ফলে মাঝপথে ফিরে আসতে বাধ্য হন।
ঠিক সেই সময় মহম্মদ সামির থ্রো রঘুবংশীর পায়ে লাগে। এরপর লখনউয়ের ফিল্ডাররা জোরালো আবেদন করলে বিষয়টি টিভি আম্পায়ারের কাছে পাঠানো হয়।
রিপ্লে দেখে আম্পায়ার তাঁকে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট দেন। কারণ অঙ্গকৃষ রঘুবংশী দৌড়নোর সময়ে নিজের পথ পরিবর্তন করেছিলেন বলে মনে করা হয়।
এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক ছড়ায়, কারণ অনেকেই মনে করেন রঘুবংশীর পথ পরিবর্তন ইচ্ছাকৃত ছিল না, বরং মুহূর্তের প্রতিক্রিয়া। ধারাভাষ্যকাররা পর্যন্ত বলতে থাকেন, পুরো সিদ্ধান্তটাই কেকেআরের বিরুদ্ধে গেল।
আউট হওয়ার পর হতাশা চেপে রাখতে পারেননি রঘুবংশী। মাঠেই আম্পায়ারদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। পরে ড্রেসিংরুমে ফেরার সময়ে ব্যাট দিয়ে বাউন্ডারির কুশনে আঘাত করেন এবং হেলমেট ছুড়ে ফেলেন।
এই ঘটনায় কেকেআর শিবিরেও ক্ষোভ ছড়ায়। দলের সহকারী কোচ শেন ওয়াটসনকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। হেড কোচ অভিষেক নায়ারও চতুর্থ আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত আলোচনায় জড়িয়ে পড়েন।
পুরো ঘটনাটি ঘিরে ক্রিকেটমহলে এখনও আলোচনা চলছে।
















