আজকাল ওয়েবডেস্ক: ২৫ কোটির ক্যামেরন গ্রিন ব্যর্থ এখনও পর্যন্ত। দু'ম্যাচে তাঁর ব্যাট গর্জে ওঠেনি। বোলিং তো করছেনই না। প্রাক্তন ক্রিকেটাররা বলতে শুরু করে দিয়েছেন গ্রিন যদি বোলিং না করেন, তাহলে ওকে দলে নেওয়ার দরকারই নেই। প্রথম দু'ম্যাচ হেরে বসে আছে কেকেআর। চাপ বাড়তে শুরু করে দিয়েছে নাইটদের উপরে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে কী করবেন গ্রিন? অবশ্য গ্রিনকে কি নামাবে কেকেআর ম্যানেজমেন্ট? গ্রিন দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় রভম্যান পাওয়েলকে তৈরি রাখছে কেকেআর। সিচুয়েশন প্র্যাকটিস করানো হচ্ছে তাঁকে। রভম্যান পাওয়েল বিগ হিটার। অনুশীলনে তাঁকে এমন ভাবে বল করা হচ্ছিল, যাতে তিনি ছক্কা না মারতে পারেন। পাওয়েল বলও করতে পারেন। ফলে গ্রিনের পরিবর্ত হিসেবে তৈরি রাখা হচ্ছে ক্যারিবিয়ান পাওয়েলকেও।
ছোটবেলায় অসম্ভব দারিদ্র্যের সম্মুখীন হয়েছিলেন তিনি। তাঁর শয়নে, স্বপনে এবং জাগরণে ছিল ক্রিকেট, ক্রিকেট আর ক্রিকেট। ক্রিকেট খেলেই নিজেদের অবস্থার উন্নতি ঘটানোর স্বপ্ন দেখতেন।
স্কুলে পড়ার সময়ে মাকে কথা দিয়েছিলেন একদিন পরিবারের দুঃখ-দুর্দশা দূর করবেন। সেই রভম্যান পাওয়েলকে এবারের মেগা নিলামে দেড় কোটি টাকায় কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন বোলার ইয়ান বিশপ স্বদেশীয় পাওয়েলের জীবনের গল্প বলেছিলেন একবার। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ''হাতে ১০ দশ মিনিট থাকলে ইউটিউবে রভম্যান পাওয়েলের ভিডিওটা দেখবেন। রভম্যান আইপিএলে সুযোগ পাওয়ায় অন্যদের মতো আমিও দারুণ খুশি হয়েছি। খুব ছোট জায়গা থেকে উঠে এসেছে পাওয়েল। দুঃখ-দুর্দশা লেগেই ছিল। স্কুলে পড়ার সময়ে মাকে প্রতিশ্রুতি দিয়েছিল, পরিবারের অবস্থা ও ফেরাবে। সেই চেষ্টা ক্রমাগত করে চলেছে রভম্যান পাওয়েল।''
তৃতীয় ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। তাঁর নেতৃত্বেই কেকেআর খেতাব জিতেছিল। তার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। শ্রেয়স গতবার পাঞ্জাবকে ফাইনালে তোলেন। কিন্তু বিরাট কোহলির আরসিবি-র কাছে হেরে গিয়ে চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার আবার কেকেআরের সঙ্গে শ্রেয়সের সম্মানের লড়াই। সেই লড়াইয়ে শেষ হাসি তোলা থাকে কার জন্য সেটাই দেখার।
















