আজকাল ওয়েবডেস্ক: ১৮ কোটির তারকা কবে ফিরবেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে? 
দ্বীপরাষ্ট্রের তারকা বোলার পাথিরানা সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট দিলেন নাইটদের হেড কোচ অভিষেক নায়ার। 

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে নাইটদের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে দুটো দলই হার মেনেছে। 

অভিষেক নায়ার জানান, শ্রীলঙ্কা ক্রিকেটের ফিজিও দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে যাচ্ছে কেকেআর। পাথিরানাকে  নিজের ফিটনেসের প্রমাণ দিতে হবে প্র্যাকটিস ম্যাচের মাধ্যমে। তারপরে আইপিএল খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হবে। নায়ার বলছেন, ''পাথিরানার অবস্থা সম্পর্কে আমরা অবগত। পাথিরানা ওয়ার্কলোড বাড়াচ্ছে ধীরে ধীরে। শ্রীলঙ্কা বোর্ড একটি ফিটনেস টেস্ট পরিচালনা করবে, তার পর সিদ্ধান্ত নেওয়া হবে যে পাথিরানাকে এনওসি দেওয়া হবে কি না এবং কলকাতা বা যেখানেই হোক, ও খেলতে যাবে কি না। আমরা ওদের কাছ থেকে নিয়মিত তথ্য পাচ্ছি।'' 

কেকেআরের বোলিং বিভাগে রক্তাল্পতা রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রানের পাহাড় গড়েও ম্যাচ জিততে পারেনি নাইটরা। অভিষেক নায়ার বলছেন, ''আমাদের কাছে ওদের রিপোর্ট আছে। আমাদের ফিজিও টিম ওদের  ফিজিও দলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। দিনক্ষণ নিয়ে কোনও অস্পষ্টতা নেই। আমরা আশা করছি যে পাথিরানা ফিটনেস টেস্টগুলো দিতে পারবে, শ্রীলঙ্কা ক্রিকেটারদের দ্বারা আয়োজিত প্র্যাকটিস ম্যাচগুলোও খেলবে, তারপর ওকে সবুজ সঙ্কেত দেওয়া হবে। সব কিছু শেষ হলে, আমরা আশা করছি  পাথিরানাকে দলে পাওয়া যাবে।'' 

হর্ষিত রানা, মুস্তাফিজুর রহমান, আকাশদীপ ছিটকে গিয়েছেন আইপিএল থেকে। 

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে কেকেআরের বোলাররা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।  সানরাইজার্স ম্যাচে কেকেআর বোলাররা কী করেন সেটাই দেখার।