আজকাল ওয়েবডেস্ক: সঞ্জু স্যমসন আর রবীন্দ্র জাদেজা। যত আলোচনা এই দু’জনকে নিয়ে। দুইজনই শিবির বদল করেছেন দীর্ঘ কয়েক বছর পর। চেন্নাই থেকে জাদেজা গিয়েছেন রাজস্থানে। আর রাজস্থান থেকে সঞ্জু এসেছেন চেন্নাইয়ে।
এদিকে, সোমবার আইপিএলে প্রতিপক্ষ এই দুই দল। ধোনিকে আপাতত দুই সপ্তাহ অবধি পাওয়া যাবে না। যা নিয়ে সিএসকে সিইও কাশী বিশ্বনাথন বলেছেন, ‘হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য ধোনি নেই। তাই স্বাভাবিকভাবেই সঞ্জুই উইকেটকিপিং করবে। সঞ্জুর ফর্ম এখন দারুণ। নেটে ওকে খুব ভাল ছন্দে দেখা যাচ্ছে। আমরা আশা করছি, এই মরশুমে ও সিএসকের হয়েও দারুণ খেলবে।’
তবে সঞ্জুকে বাড়তি চাপ দিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। বিশ্বনাথনের কথায়, ‘আমরা সঞ্জুর উপর কোনও চাপ দিতে চাই না। ওর ক্ষমতা সম্পর্কে আমরা সকলেই জানি। কয়েকদিন আগে ওর সঙ্গে দেখা হয়েছে। কিন্তু প্র্যাকটিসের সময় ওকে বিরক্ত করতে চাইনি।’ এটা ঘটনা টি–২০ বিশ্বকাপে শুরুর দিকে খেলার সুযোগ পাননি সঞ্জু। কিন্তু শেষের দিকে সুযোগ পেয়ে দারুণ খেলেন ও সিরিজ সেরার পুরস্কার পান।
চেন্নাইয়ে সঞ্জুর ব্যাটিং স্লট কী হবে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। তবে চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় পরিষ্কার করে দিয়েছেন, তাঁর সঙ্গে ওপেন করতে যাবেন সঞ্জু। সেই রুতুরাজকে নিয়ে সিএসকের সিইও বলেন, ‘আমাদের দলে রুতুরাজ গায়কোয়াড়ের মতো ক্রিকেটার রয়েছে। ও দলকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারে। আশা করি, ওর নেতৃত্ব দলকে চাঙ্গা করবে।’
















