আজকাল ওয়েবডেস্ক: প্রথম ম্যাচ হতে না হতেই কেকেআরের ২৫ কোটির তারকা ক্যামেরন গ্রিনকে নিয়ে শুরু হয়ে গেল বিতর্ক। মুম্বই বনাম কলকাতা ম্যাচে গ্রিনকে বল করতে দেখা যায়নি। খেলার শেষে হতাশ রাহানে জানান, পিঠের নীচের অংশের চোট থেকে সেরে ওঠার পরও ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও গ্রিনকে পুরোপুরি বোলিংয়ের অনুমতি দেয়নি। যার জবাব দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কলকাতার অজি তারকাকে নিয়ে চলছে চর্চা। দেশের প্রাক্তন ক্রিকেটার ও কেকেআরের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া বলেন, ''একজন অলরাউন্ডারের জন্য যদি টাকা দেওয়া হয় আর তার পরিবর্তে শুধু একজন ব্যাটসম্যান পান... তাহলে অন্ততপক্ষে টাকা ফেরত দেওয়া উচিত।''
সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্য করেন আকাশ চোপড়া।
গ্রিনকে নিয়ে কেকেআর ভক্তদের মধ্যে উন্মাদনা বাড়ে মরশুমের শুরু থেকেই। আইপিএল নিলামে গ্রিনকে ব্যাটসম্যান হিসেবে রেজিস্ট্রেশন করা হয়। পরে জানানো হয়, এটি তাঁর ম্যানেজারের ভুল ছিল এবং তিনি বোলিংও করবেন আইপিএলে।
রবিবার কেকেআরের হয়ে অভিষেক ম্যাচে গ্রিন ১০ বলে ১৮ রান করেন। দরকারের সময়ে বোলিং করেননি।
রাহানে বলেন, ''আশা করি, ক্যামেরন গ্রিন শীঘ্রই বোলিং শুরু করবে এবং দলের কম্বিনেশন কিছুটা বদলাবে। আমরা ব্যাটিং ভাল করেছি, কিন্তু বোলিংয়ে ভারসাম্য খুঁজে পাওয়া খুব গুরুত্বপূর্ণ। (গ্রিন কেন বল করতে পারছে না) এই প্রশ্নটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে করা উচিত। (ইতিবাচক দিক) আমরা ভাল ব্যাটিং করেছি এবং আমার মনে হয়েছে কার্তিক ত্যাগী ভাল বোলিং করেছে। অনেকদিন পর খেললেও ভাল পারফর্ম করেছে। ইতিবাচক দিক আছে, তবে সামনে অনেক পথ বাকি।''
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেন,
''ক্যামেরনের পিঠের নীচের অংশে চোট রয়েছে। তবে কিছুদিন ওকে বোলিং থেকে বিরত থাকতে হবে।''
তিনি আরও বলেন, ''ক্যামেরন বর্তমানে ভারতে ধীরে ধীরে বোলিংয়ের লোড বাড়ানোর কাজ করছে। আশা করা হচ্ছে ১০-১২ দিনের মধ্যে গ্রিন আবার বোলিংয়ে ফিরতে পারবে। কেকেআরকে এই বিষয়ে জানানো হয়েছে এবং তারা পুরো বিষয়টি সম্পর্কে অবগত।''














